লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে অর্থনীতি, পদার্থবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই। সব মিলিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের আটটি পদ শূন্য রয়েছে। এতে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, এটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস কোর্সে এক হাজার ৩০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের ১৯টি পদ আছে। কিন্তু বর্তমানে কর্মরত আছেন ১১ জন। এখানে পদার্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইসলামের ইতিহাস, বাংলা, ব্যবস্থাপনা বিভাগে একটি করে এবং অর্থনীতি বিভাগে শিক্ষকের দুটি পদ শূন্য রয়েছে। দুই থেকে পাঁচ বছর ধরে পদগুলো শূন্য রয়েছে। অন্য বিভাগের শিক্ষক দিয়ে এসব বিষয়ের পাঠদান করা হচ্ছে।
কলেজের অধ্যক্ষ সফিক উদ্দিন বলেন, ‘শিক্ষক না থাকায় পাঠদানে কিছু সমস্যা হচ্ছে। শিক্ষক-সংকটের কথা জানিয়ে আমরা কর্তৃপক্ষকে বারবার চিঠি দিচ্ছি।’