তিন বিভাগে শিক্ষকই নেই মোট ৩১ পদের ১৯টি খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সরকারি মহিলা কলেজে গণিত, সমাজবিজ্ঞান ও ইংরেজি বিষয়ে কোনো শিক্ষক নেই। কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ৩১টি পদের মধ্যে ১৯টি পদ রয়েছে শূন্য। বাইরের শিক্ষক দিয়ে কোনোমতে চলছে ৯৭৫ ছাত্রীর পাঠদান। নেই গ্রন্থাগারিক, হিসাবরক্ষক, ক্রীড়া শিক্ষক ও বিজ্ঞান বিভাগের প্রদর্শকের পদ।কলেজ সূত্রে জানা যায়, ১৯৭২ সালের ১ জুলাই শহরের বাটার মোড় এলাকায় স্থাপিত জয়পুরহাট মহিলা কলেজটি জাতীয়করণ হয় ১৯৮৪ সালে ১ নভেম্বর। বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও একটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ কলেজে মোট শিক্ষকের পদ রয়েছে ৩১টি। এর মধ্যে খালি রয়েছে ১৯টি। বাংলা বিভাগে তিনজন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন দুজন। ইংরেজি বিভাগে তিনটির বিপরীতে আছেন একজন। কিন্তু তিনি ১৬ মে থেকে বুনিয়াদি প্রশিক্ষণ নেওয়ার জন্য ঢাকায় অবস্থান করছেন। সমাজবিজ্ঞান বিভাগে তিনটি পদে কোনো শিক্ষক নেই। গণিত বিভাগের অবস্থাও একই রকম। গত ২৭ মার্চ থেকে ওই বিভাগে কোনো শিক্ষক নেই। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে দুজন করে শিক্ষকের পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে কলেজের শিক্ষকের ১৯টি পদ শূন্য রয়েছে। ফলে লেখাপড়া মারাত্মক বিঘ্নিত হচ্ছে। রুহিনা আক্তার, রুমি আক্তারসহ উচ্চমাধ্যমিক শ্রেণীর কয়েকজন ছাত্রী জানায়, গণিত বিষয়ে শিক্ষক না থাকায় এ বিষয়ের পরীক্ষা ও ফলাফল নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। জয়পুরহাট শহরে বাসিন্দা অভিভাবক মোস্তাইন বিল্লাহ জানান, কলেজে মেয়েকে ভর্তি করিয়ে তিনি বিপদে পড়েছেন। শিক্ষক না থাকায় মেয়ের লেখাপড়া ব্যাহত হচ্ছে।কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার চৌধুরী জানান, শিক্ষকের শূন্যপদ পূরণে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও ওই সব পদে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বাইরের কলেজ থেকে শিক্ষক নিয়ে এসে ক্লাস করাতে হচ্ছে। এদিকে কলেজের একমাত্র ছাত্রীনিবাসটি পাঁচ মাস বন্ধ রয়েছে। ২০০৯ সালের ২১ নভেম্বর ছাত্রীনিবাসের পরিচারিকা খুন হওয়ার ঘটনায় সেখানে ভয়ে কোনো ছাত্রী ভয়ে থাকে না। ছাত্রীদের যাতায়াতের একমাত্র বাসটি ১৯৯৪ সাল থেকে অকেজো হয়ে পড়ে রয়েছে।