তিন বিভাগের কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের নতুন ভবনে ওঠা নিয়ে সৃষ্ট সংকটের জেরে গতকাল বুধবার প্রশাসনিক ভবন অবরোধ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ। এদিকে বিভাগীয় সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষকেরা।
ওই সংকটের কারণে প্রায় দেড় মাস ধরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। গত শনিবার থেকে বন্ধ রয়েছে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষা কার্যক্রমও।
গতকাল সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা ভবনের তিনটি ফটকের সামনে অবস্থান নেওয়ায় উপাচার্যের কার্যালয়, সহ-উপাচার্যের কার্যালয়, শিক্ষা শাখা, রেজিস্ট্রারের কার্যালয় ও জনসংযোগ কার্যালয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেননি। গতকাল সকাল ১০টার দিকে দেখা যায়, প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের সামনে অপেক্ষা করছেন।
গত বৃহস্পতিবার পরিবেশ বিজ্ঞান বিভাগ হঠাৎ করে নতুন ভবনের তৃতীয় তলায় উঠলে ওই তিন বিভাগের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে চলে যান। কিন্তু এ পরিস্থিতেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকেরা। এদিকে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি আমিনা ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে তাঁর পদত্যাগ দাবি করেছেন বিভাগের তিনজন শিক্ষক। শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি দেওয়া ও অসৌজন্যমূলক আচরণসহ সাতটি বিষয়ে বৃহস্পতিবার তাঁরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে বিভাগীয় সভাপতি আমিনা ইসলাম বলেন, ‘আমার বক্তব্য প্রশাসনকে জানাব। এরপর প্রশাসনের পদক্ষেপের জন্য অপেক্ষা করব।’
এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।