জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের নতুন ভবনে ওঠাকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা গতকাল সোমবারও কাটেনি। গতকাল দ্বিতীয় দিনের মতো ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ছিল। এতে তিন বিভাগেরই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গতকাল রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মনোনিবেশের অনুরোধ করা হয়। কিন্তু শিক্ষার্থীদের সব পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে।
গতকাল বিকেলে বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের শিক্ষক ফাহমিদা পারভীন। তিনি বলেন, ‘ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কিছু শিক্ষকের নির্দেশে ওই দুই বিভাগের শিক্ষার্থীরা ভবনের প্রবেশপথ অবরোধ করে রেখেছেন। এ বিষয়ে আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা বিস্মিত। এই পরিস্থিতিতে আমরা নবনির্মিত ভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করছি। আজ মঙ্গলবার সিনেট, সিন্ডিকেট ও অর্থ কমিটির সদস্য, সব অনুষদের ডিন এবং শিক্ষকদের সঙ্গে এ বিষয়ে জনসংযোগ করা হবে। এ ছাড়া আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হবে।’ সংবাদ সম্মেলনে বিভাগের বেশ কিছু শিক্ষার্থীসহ শিক্ষক এ এইচ এম সা’দাৎ, জামাল উদ্দিন, এ কে এম রাশেদুল আলম, মোহাম্মদ এমাদুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ বিজ্ঞান বিভাগকে নতুন ভবনের তৃতীয় তলা বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য দুটি বিভাগ এই সিদ্ধান্ত মানলে সংকট হতো না। এ বিষয়ে আজ (সোমবার) সন্ধ্যায় আমরা আলোচনায় বসব।’
গত রাতে ওই সভা বসলেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় বলে জানা যায়।