তিন বিমানবন্দরে সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার
ঢাকার হজরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না, এ ধরনের বিস্ফোরক দিয়ে নাশকতা চালানো হতে পারে—এমন আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা বিন্যস্ত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরের সংস্কার ও মেরামতকাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে।
তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে দেশি-বিদেশি যাত্রীদের কোনো সমস্যা হবে না। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে।
বিমানবন্দরে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলেছে, সতর্কতার অংশ হিসেবে গতকাল সকাল থেকে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানে নিজস্ব নিরাপত্তার পাশাপাশি থানা-পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক সংস্থার সূত্র বলেছে, গত রোববার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এপিবিএন, পুলিশের উত্তরা বিভাগ, বিমানবন্দর থানার পুলিশকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিতে বলে। এ নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে একাধিক বৈঠক হয়। এরপর গতকাল সকালে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
বৈঠকে উপস্থিত একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে বলা হয়, নাশকতার ঘটনা ঘটতে পারে এবং দুর্বৃত্তরা বিস্ফোরক কোনো কিছু নিয়ে বিমানবন্দরে আসতে পারে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উল্লেখ করে তাঁদের জানানো হয়, এসব বিস্ফোরক মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না।
গতকাল বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায়, বিমানবন্দরের মূল প্রবেশপথ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কার্যালয় ও বিমান কার্যালয়-সংলগ্ন পদ্মা অয়েল অ্যাপ্রোচ সড়কের সামনে ও বাউনিয়া রানওয়ে সড়কে বেশি সতর্কতায় রাখা হয়েছে এপিবিএন সদস্যদের। মূল প্রবেশপথ দিয়ে যাত্রী ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।
বেলা ১১টা থেকে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সদস্যসংখ্যা বাড়ানো হয়। এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের মূল প্রবেশপথসহ ৪৬টি স্থানে শতভাগ তল্লাশি, ভ্রাম্যমাণ টহল, ক্রাইসিস রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। বিমানবন্দরের ১ ও ২ ক্যানপির সামনেও দর্শনার্থীদের যেতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া ৩০০ টাকার বিনিময়ে দর্শনার্থী টিকিট বিক্রিও বন্ধ রয়েছে।
বিকেলে কুয়েতগামী যাত্রী এনামুল হক সরকার তাঁর তিন ভাইকে নিয়ে কুমিল্লা থেকে মাইক্রোবাসে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। প্রবেশপথে তল্লাশি কেন্দ্রের সামনে এনামুলের তিন ভাইকে নামিয়ে দেন এপিবিএনের সদস্যরা। এনামুলের ভাই নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভাইয়ের সঙ্গে অনেক মালামাল ছিল। ওর একার পক্ষে এগুলো ভেতরে বহন করা সম্ভব ছিল না। এ জন্য অনেক অনুরোধ করি। তারপরও আমাদের নামিয়ে দেওয়া হয়।’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা সম্পর্কে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ঢাকায় হোসেনি দালানে গ্রেনেড হামলাসহ সামগ্রিক পরিস্থিতির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবীর বিকেলে প্রথম আলোকে বলেন, কোনো হামলার তথ্য না থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের ভেতরে আপাতত নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল নয়টা থেকে যাত্রীদের লাগেজ, হাতব্যাগ, জুতা, বাড়তি পরিধেয় বস্ত্র খুলে পরীক্ষা করা হচ্ছে। ওসমানী বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সার্বিক নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।