তিন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার ৩০ আগস্ট শুরু
চট্টগ্রামের তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার। ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যৌথভাবে তিনটি সেমিনারের আয়োজন করছে অনলাইন জব পোর্টাল চাকরি ডটকম ও প্রথম আলো বন্ধুসভা।
এসব সেমিনারে মূল বক্তা থাকবেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান ও শিল্পগ্রুপ পিএইচপির নির্বাহী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) আহমদ শেপারউদ্দিন। উপস্থিত থাকবেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচলন কর্মকর্তা এহতেরাম উদ্দীন, চাকরি ডট কমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক, সিনিয়র অ্যাকাউন্ট স্পেশালিস্ট মনজুর মোর্শেদ ও কনটেন্ট স্পেশালিস্ট ইসতিয়াক আহমেদ। সেমিনারে নিজেকে ব্র্যান্ডিং করার কৌশল ও চাকরির সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সেমিনার শুরু হবে ৩০ আগস্ট সকাল ১১টায়। উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেমিনার হবে ৩১ আগস্ট সকাল ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে। উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সেমিনার হবে ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায়। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই সেমিনার উদ্বোধন করবেন উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ।