তিন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব আয়ের শর্ত বাদ দেওয়ার সুপারিশ
সরকার তিন বিশ্ববিদ্যালয়ের খরচ চালাতে ক্রমান্বয়ে নিজস্ব আয় বাড়ানোর শর্ত আরোপ করে সংসদে যে বিল উত্থাপন করেছে, তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি নিজস্ব আয় ও সরকারিভাবে বরাদ্দ করা টাকা দিয়ে তিন বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহের বিধান রেখে বিল চূড়ান্ত করেছে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ-সংক্রান্ত তিনটি বিল চূড়ান্ত করা হয়।এর আগে ২ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করতে সংসদে তিনটি পৃথক বিল উত্থাপন করেন। উত্থাপিত তিনটি বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস থেকে আয় এবং সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ করা অর্থ দ্বারা বিশ্ববিদ্যালয় ব্যয় নির্বাহ করবে। তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে নিজস্ব আয় বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে। সংসদীয় কমিটি গতকাল বিল তিনটি যাচাই করে ‘নিজস্ব আয় বাড়ানো’র অংশটুকু বাদ দিয়েছে।বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, বিলে যে শর্ত দেওয়া হয়েছে, তার প্রয়োজন নেই। বিলের মূল উদ্দেশ্যের সঙ্গে এটি সংগতিপূর্ণ নয়।