তিন বিষয় অন্তর্ভুক্তির দাবি প্রকাশকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত শিক্ষা আইন থেকে কয়েকটি ধারা বাদ দিয়ে পুস্তক প্রকাশকদের সুবিধার্থে কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান। তাঁদের মূল দাবি-জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাশাপাশি প্রকাশকেরাও যাতে ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, সহপাঠসহ বিভিন্ন রেফারেন্স গ্রন্থ প্রকাশ ও বাজারজাত করতে পারেন, তার সুযোগ রাখা এবং অনুশীলনমূলক সৃজনশীল সহায়ক গ্রন্থ প্রকাশের ব্যবস্থা করা। এ ছাড়া কোনো পুস্তক ব্যবসায়ী যাতে বই বিক্রির বিষয়ে কোনো প্রশাসনিক বা পুলিশি হয়রানির শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা রাখারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আলমগীর সিকদার। আরও উপস্থিত ছিলেন পুস্তক প্রকাশকদের নেতা আবু তাহের, আ ফ ম শাহ আলম, নেসার উদ্দিন আইয়ুব, শ্যামল পাল প্রমুখ।