তিন বিষয়ে শিক্ষক নেই ৪৯ পদে আছেন ২৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ৪৯ জন শিক্ষকের মধ্যে আছেন মাত্র ২৫ জন। ফিন্যান্স ও ব্যাংকিং এবং মার্কেটিং বিষয়ে কোনো শিক্ষক নেই। একজন শিক্ষক দিয়ে কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থীকে ইংরেজি পাঠদান করানো হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, ব্যবহারিক ক্লাস হয় না। বাণিজ্য বিভাগেরও শিক্ষক নেই, কোনো দিন ক্লাস হয়, কোনো দিন হয় না। কলেজে এসে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভালো ফলাফল করা সম্ভব হবে না।
কলেজ সূত্র জানায়, কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার ৮০০। এর মধ্যে উচ্চমাধ্যমিক পর্যায়ে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ৯৮৪ এবং স্নাতক (বিএ, বিএসএস, বিকম ও বিএসসি) পর্যায়ে ৮১৭ জন শিক্ষার্থী ভর্তি আছে। কলেজে শিক্ষকের ৪৯টি পদের মধ্যে কর্মরত আছেন ২৫ জন। বাংলা ও ইংরেজি বিষয়ে আটজন শিক্ষকের স্থলে কর্মরত আছেন তিনজন। বিজ্ঞান বিভাগে ১৮ জনের মধ্যে ১০ জন, মানবিকে ১৭ জনে ১০ জন এবং বাণিজ্য বিভাগে ছয়জনের মধ্যে দুজন কর্মরত আছেন। এ ছাড়া চারটি প্রদর্শক পদে আছেন মাত্র একজন।
বাংলা বিষয়ে চারজনের স্থলে দুজন, ইংরেজিতে চারজনে একজন, পদার্থবিদ্যায় চারজনে একজন, রসায়নে চারজনে দুজন, গণিতে চারজনে তিনজন, প্রাণিবিদ্যায় তিনজনে দুজন, উদ্ভিদবিদ্যায় তিনজনে দুজন, রাষ্ট্রবিজ্ঞানে চারজনে একজন, দর্শনে চারজনে দুজন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে তিনজনে তিনজন, ইতিহাসে তিনজনে দুজন, অর্থনীতিতে তিনজনে দুজন, ব্যবস্থাপনায় একজনে একজন, হিসাববিজ্ঞানে দুজনে একজন শিক্ষক আছেন। ফিন্যান্স, ব্যাংকিং ও মার্কেটিং বিষয়ে কোনো শিক্ষক নেই। এ ছাড়াও পদার্থবদ্যা, রসায়ন ও উদ্ভিদবিদ্যা বিষয়ে প্রদর্শকের পদ কয়েক বছর ধরে শূন্য।
উপাধ্যক্ষ ফিরজ আলম মোল্লা বলেন, শিক্ষক স্বল্পতার কারণে বিষয়ভিত্তিক শিক্ষকদের ওপর চাপ অনেক বেশি। প্রত্যেক শিক্ষককে বেশি ক্লাস নিতে হচ্ছে। প্রদর্শক না থাকায় সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদেরই ব্যবহারিক ক্লাস নিতে হয়।
অধ্যক্ষ রতন কুমার দেব বলেন, শিক্ষক সংকটের বিষয়টি দীর্ঘদিনের। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে। শূন্যপদ পূরণের জন্য প্রতি মাসে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়, কিন্তু সংকট দূর হচ্ছে না।