শিক্ষক-সংকটের কারণে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে। নয় মাস ধরে কোনো শিক্ষক নেই জীববিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে। বাংলা বিভাগে শিক্ষকের তিনটি পদই ছয় মাস ধরে শূন্য।
কলেজের প্রধান সহকারী মো. জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, ১৯৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৭ সালের ১৯ সেপ্টেম্বর কলেজটি জাতীয়করণ হয়। এখানে বর্তমানে উচ্চমাধ্যমিক ও স্নাতকে (পাস কোর্স) ৯০০ শিক্ষার্থী রয়েছেন। এ কলেজের শিক্ষকের ২৪টি পদ রয়েছে। এর মধ্যে অধ্যক্ষের পদ একটি, সহকারী অধ্যাপকের দুটি ও প্রভাষকের ২১টি। এর মধ্যে প্রভাষক ২১টি পদের ১২টি শূন্য। বাংলা বিভাগে তিনটির মধ্যে তিনটিই, হিসাববিজ্ঞান ও গণিত বিভাগে দুটি করে পদ, জীববিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে প্রভাষকের একটি করে পদ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে তিনটি পদের মধ্যে একটি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুটি পদের মধ্যে একটি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দুটি পদের মধ্যে একটি খালি রয়েছে।
দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ফাতেমা আক্তার ও দেলোয়ার হোসেন বলে, শিক্ষক না থাকায় বাংলা ক্লাস হচ্ছে না। সমাজকর্মেও একই অবস্থা। মাঝেমধ্যে এক বিষয়ের শিক্ষক অন্য বিষয়ের ক্লাস নেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্র বলেছে, কর্মচারীদের ১৯টি পদের মধ্যে ১০টি খালি। পরিচ্ছন্নতাকর্মীর একটি পদের মধ্যে একটি, এমএলএসএসের নয়টি পদের মধ্যে তিনটি, দক্ষ বেয়ারার চারটি পদের মধ্যে তিনটি, হিসাবরক্ষক একটি পদের মধ্যে একটি ও অফিস সহকারীর তিনটির মধ্যে দুটি শূন্য।
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসংকটের বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এস এম আশরাফ হোসেন বলেন, প্রতি মাসেই শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে শিক্ষকের পদ শূন্যের বিষয়টি জানানো হয়।