তিন বিষয়ে শিক্ষকই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক-সংকটের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টিতে এক পালার (শিফট) জনবল দিয়ে কোনো রকমে চলছে দুই পালার কার্যক্রম। বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ১৫০। গত বছর বিদ্যালয়ে দুই পালা (প্রভাতি ও দিবা শাখা) চালু হয়। প্রধান শিক্ষক ও দুজন সহকারী প্রধান শিক্ষকসহ ৪৮ জন শিক্ষকের মধ্যে আছেন ১৮ জন।সূত্র আরও জানায়, ইংরেজি বিষয়ে আটজন শিক্ষকের পদ থাকলেও আছেন পাঁচজন। বাংলায় আটজন শিক্ষকের স্থলে তিনজন, ভৌত বিজ্ঞানে চারজনের স্থলে একজন, শারীরিক শিক্ষায় দুজনের স্থলে একজন, চারুকারু বিষয়ে দুজনের স্থলে একজন, সামাজিক বিজ্ঞানে চারজনের স্থলে একজন, ব্যবসায় শিক্ষায় দুজনের স্থলে একজন, গণিতে চারজনের স্থলে দুজন শিক্ষক আছেন। জীববিজ্ঞানে চারজন, পদার্থবিজ্ঞানে দুজন ও ধর্ম বিষয়ে চারজন শিক্ষকের পদ থাকলেও এসব বিষয়ে কোনো শিক্ষক নেই।প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বলেন, শিক্ষক-সংকটের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে দুই পালা চালু করা হলেও শিক্ষক সংকট থাকায় ঠিকমতো ক্লাস চালানো যাচ্ছে না। মাঝেমধ্যে দুই পালার ক্লাস একসঙ্গে নিতে হয়। তিনি আরও বলেন, ‘এক-তৃতীয়াংশ শিক্ষক দিয়ে দুই পালার বিদ্যালয় চালানো খুবই কষ্টকর।’ মাধ্যমিক শিক্ষা কার্যালয়, বরিশালের উপপরিচালক কাজী মানোয়ার হোসেন বলেন, সারা দেশেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় শিক্ষক-সংকট রয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।