তিন বেইলি সেতু প্রায় দিনই করতে হয় মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-মাদারীপুর সড়কের তিনটি বেইলি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়ই সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন সেতু মেরামত করে কোনোমতে যানবাহন চলাচলের উপযোগী করা হয়।এই সড়কের বাসচালক মোহাম্মদ আলী বলেন, ‘সেতুতে যখন উঠি, তখন সেতু দুলতে থাকে। মনে হয় এখনই ভেঙে পড়বে। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে যাতায়াত করি।’যাত্রী শারমিন সুলতানা বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে অফিসে যাতায়াত করি। গাড়ি সেতুতে উঠলে চোখ বুজে দোয়া-দরুদ পড়তে থাকি।’শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, হালকা যানবাহন চলাচলের জন্য দুই কোটি টাকা ব্যয়ে ১৯৯৪ সালে শরীয়তপুর-মাদারীপুর সড়কের আঙ্গারিয়া, টুমচর ও খোয়াজপুর এলাকায় কীর্তিনাশা নদীর ওপর বেইলি সেতু তিনটি নির্মাণ করা হয়। ২০০০ সালে শরীয়তপুরের ওপর দিয়ে চট্টগ্রাম বন্দরের সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ শুরু হয়। তখন থেকে এই সেতুগুলোর ওপর দিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলতে শুরু করে। ২০০২ সালে সেতু তিনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় এবং পাঁচ টনের অধিক পণ্যবোঝাই গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। ২০০৪ সাল থেকে সেতুগুলো মেরামত করে সচল রাখা হচ্ছে। কিন্তু গত বছরের জানুয়ারি থেকে প্রায় প্রতিদিনই সেতুগুলো মেরামত করা হচ্ছে।সওজের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, এখন ৩০-৪০ টন মালবোঝাই গাড়ি এসব বেইলি সেতুর ওপর দিয়ে চলাচল করে। এতে প্রায়ই নাটবল্টু ও বেইলির পাত ভেঙে যায়। প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত সেতু মেরামত করা হয়। সেতু মেরামতের জন্য অস্থায়ীভাবে ১৬ জন কর্মী নিয়োগ এবং সদর উপজেলার মনোহর বাজারে একটি ওয়ার্কশপ চালু করা হয়েছে।নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের ওপর এবং এই তিনটি বেইলি সেতুর স্থলে সপ্তম চীন মৈত্রী সেতু নির্মাণের প্রস্তাব ২৩ মে একনেকে অনুমোদন করা হয়েছে। ২৭৫ কোটি টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণ করা হবে। ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে সেতুগুলোর নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে।জেলা প্রশাসক সানোয়ার হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই গাড়ির চলাচল নিয়ন্ত্রণের জন্য ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।