তিন বেলা খাবারের জন্য বরাদ্দ ৫২ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নার জ্বালানিসহ তিন বেলা খাবারের জন্য বরাদ্দ মাত্র ৫২ টাকা। আসন ২০০ জনের, কিন্তু থাকে ৩০০ জনের বেশি। ফলে ফ্লোরে বিছানা করে অনেককে ঘুমাতে হয়। শিশু-কিশোরদের সুরক্ষায় যেসব পদে জনবল থাকা জরুরি তার বেশির ভাগই খালি। ৬৭ পদের ২৫টিই শূন্য।
এভাবেই চলছে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র। কেন্দ্রের সাবেক তত্ত্বাবধায়কের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ হিসেবে ১১ ফেব্রুয়ারি রাতে ২০ জন কিশোর নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে তাদের প্রতি প্রশাসনের নজর নিতে সক্ষম হয়। প্রথম আলোয় ‘২০ কিশোরের ভয়ংকর প্রতিবাদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সমাজসেবা অধিদপ্তর কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এস এম আনোয়ারুল করিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
বর্তমানের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (কেন্দ্রের সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার) জিয়াউর রহমান চৌধুরী জানান, গতকাল বুধবার বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং পরিবার থেকে বিচ্ছিন্ন বা হারিয়ে যাওয়া শিশু মিলে কেন্দ্রে শিশু-কিশোরদের সংখ্যা ছিল ৩০৬ জন।
কেন্দ্রে কর্মরত ব্যক্তিরা জানান, কেন্দ্রের প্রতিটি শিশু-কিশোরদের জন্য মাসিক বরাদ্দ দুই হাজার টাকা। এর মধ্যে খাদ্য, জ্বালানি, দুধ বাবদ বরাদ্দ এক হাজার ৬০০ টাকা। পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাবদ বরাদ্দ ১০০ টাকা। প্রশিক্ষণ বাবদ ৯০ টাকা। পোশাক বাবদ বরাদ্দ ১০০ টাকা। চিকিৎসা
বাবদ বরাদ্দ ৫০ টাকা। সাবান, তেলসহ অন্যান্য জিনিস বাবদ ৬০ টাকা।
কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রথম আলোকে বলেন, শিশু-কিশোরদের তিন বেলা খাবারের জন্য বরাদ্দ ৫২ টাকা। এর মধ্যে জ্বালানির খরচও আছে। এই টাকা দিয়ে আর কত উন্নতমানের খাবার দেওয়া সম্ভব?
গত মঙ্গলবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী কেন্দ্র পরিদর্শনে যান। মন্ত্রীর অনুমতিতে এই প্রতিবেদক তাঁর উপস্থিতির সময় কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পান। সেদিন কেন্দ্রের দুপুরের খাবার তালিকায় ছিল ডাল, মাছ আর সবজি। কয়েকজন কিশোরকে না খেয়ে ফেলে দিতে দেখা গেল। কারণ জানতে চাইলে তারা প্রথম আলোকে জানায়, খাবার মজা লাগে না। প্রতিদিন বড় বড় আলুর টুকরা খেতে ভালো লাগে না।
কিশোরদের প্রায় সবার গায়েই খোস-পাঁচড়া। কয়েকজন সারাক্ষণ চুলকাচ্ছিল। কারও কারও পায়ে স্যান্ডেল থাকলেও বেশির ভাগই ছিল খালি পায়ে। কেন্দ্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ আছে। ফলে যারা পঞ্চম শ্রেণী পাস করে কেন্দ্রে ঢোকে তাদের আর পড়াশোনা করার সুযোগ থাকে না।
২৫টি পদই শূন্য: কেন্দ্রের ৬৭ জন জনবলের মধ্যে ২৫টি পদই শূন্য। কিশোরদের সার্বিক সুরক্ষা দেওয়ার জন্য দায়িত্ব পালনকারী হাউসপ্যারেন্ট থাকার কথা দুজন। একজনও নেই। চিকিৎসকের কোনো পদই নেই। শিশু-কিশোরদের মামলার নথিপত্র দেখা, কাউন্সেলিং করার জন্য সোশ্যাল কেস ওয়ার্কার আছেন মাত্র চার জন। দুটি পদ শূন্য। কেন্দ্রের আরেকটি গুরুত্বপূর্ণ পদ প্রবেশন অফিসারকে সংযুক্তিতে অন্য জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে।