
সূর্যের আলো তখনো বাহাদুর শাহ পার্কের উঁচু স্মৃতিস্তম্ভে এসে পৌঁছায়নি। তখনই একজন-দুজন করে মানুষ ঢুকতে শুরু করেছেন পার্কে। ঘড়ির কাঁটা ছয়টা না পেরোতেই স্বাস্থ্যসচেতন মানুষের জমায়েত পার্কের বিভিন্ন স্থানে। কেউ ব্যায়াম করছেন, কেউবা ততক্ষণে কয়েক চক্কর দিয়ে ফেলেছেন।
সকাল আটটার আগে-পরে হাঁটতে আসা মানুষ পার্ক ছেড়ে গেলে গাড়ি চলার শব্দ, হর্ন কানে স্পষ্ট হয়ে ওঠে। সকাল ১০টার দিকে হঠাৎই বদলে যেতে থাকে দৃশ্যপট। পুরো পার্কজুড়ে শুরু হয় হইচই, কোলাহল। স্কুলের, কলেজের পোশাকে আসা ছাত্রছাত্রীরা আড্ডায় মেতে ওঠেন স্মৃতিস্তম্ভের বেদিতে, গাছের ছায়ায়। পার্কে ভিড় জমান অনেকে। দেহঘড়ি ঠিক রাখতে বিকেলেও দেখা যায় হাঁটতে আসা কিছু মানুষকে।
সন্ধ্যার কিছু পর অন্ধকার ঘিরে এলে পাল্টে যায় পার্কের পরিবেশ। ভাসমান মানুষ, বখাটে যুবক আর মাদকাসক্ত ব্যক্তিদের দখলে চলে যেতে থাকে পার্ক। রাত বাড়লে এসব মানুষের বিচরণ, কর্মকাণ্ড আরও স্পষ্ট হয়। গতকাল মঙ্গলবার সকাল, দুপুর, রাতে—এই তিন রূপ দেখা যায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে।
গতকাল সকালে পার্কের চারদিকে চক্কর দিচ্ছিলেন মধ্যবয়সী তরুণ ঘোষ। সকাল সাতটা থেকে শুরু করেছেন। প্রায় আটটায় থামলেন। বললেন, আগে সন্ধ্যায়ও হাঁটতে আসতেন। এখন বখাটে আর ছিনতাইকারীদের ভয়ে আসেন না। তিনি বলেন, বাহাদুর শাহ পার্ক ঐতিহ্য হারাতে বসেছে। অযত্নে হারিয়ে গেছে এর মহিমা।
ঢাকা নিয়ে লেখা বিভিন্ন ইতিহাস গ্রন্থের বিবরণ অনুযায়ী, ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া কিছু সৈনিকের ফাঁসির দণ্ড এই পার্ক ময়দানে কার্যকর করা হয়। ব্রিটিশ শাসনামলে এটি ‘ভিক্টোরিয়া পার্ক’ নামে পরিচিত ছিল। পরে মোগল সম্রাট বাহাদুর শাহের নামে এর নামকরণ হয় বাহাদুর শাহ পার্ক।
শাঁখারীবাজারের অমৃত লাল সুর বললেন, পুরান ঢাকায় খোলা জায়গা কোথায়—যেখানে মানুষ সকাল-বিকেল ঘুরে বেড়াবে? এই বাহাদুর শাহ পার্ক সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা দরকার।
পার্কে ঢোকার প্রবেশপথ দুটি। কবি নজরুল সরকারি কলেজের বিপরীত দিকের গেটটি খোলা পাওয়া যায়। গেটের পাশেই আবর্জনা জমে আছে। পার্কের ভেতরে রানি ভিক্টোরিয়ার স্মারকস্তম্ভটি বহুদিন ধরে পরিচর্যা না হওয়ায় বিবর্ণ হয়ে গেছে। ঝরনা থেকে পানি ঝরছে না। ভেতরে ভ্যান গাড়ির সারি। এক পাশে চুলা জ্বালিয়ে বড় বড় হাঁড়িতে রান্না চলছে। পার্কের চারপাশের ফুটপাতে বসেছে দোকান।
পার্কের কাছাকাছি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সিটি করপোরেশন মহিলা কলেজ, সরকারি মুসলিম হাইস্কুল, কলেজিয়েট স্কুল, বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়। এ ছাড়া রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত ভবন।
বেলা ১১টার দিকে কবি নজরুলের শিক্ষার্থী রায়হান তাঁর সহপাঠীকে নিয়ে পার্কে ঘুরতে এসেছেন। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের বেদিতে বসে তিনি বলেন, ‘কলেজে খোলা জায়গা নেই। সুযোগ পেলেই এই পার্কে এসে সময় কাটাই।’
সেখানেই কথা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবিদ, খলিল, বাবু আর মায়ার সঙ্গে। তাঁরা আলাপ করছিলেন পরীক্ষা নিয়ে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, এই পার্কের নিরাপত্তা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব করপোরেশনের বিভিন্ন বিভাগের। পার্কের ভেতরে-বাইরে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে।