তিন বেলার খাবারের বরাদ্দ ১০ টাকা!
একটি ভালো পাউরুটিও ১০ টাকায় কেনা যায় না। অথচ একজন হাজতির তিন বেলার খাবারের জন্য মাত্র ১০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাকিস্তান আমল থেকে চালু হওয়া এই বরাদ্দ এখনো বহাল আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পঞ্চগড়ের বিভিন্ন থানার হাজতিদের খাবার বরাদ্দের টাকা বাড়ানো হয়নি।পঞ্চগড় থানার পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশের হাতে কেউ গ্রেপ্তার হওয়ার পর আদালতে যাওয়ার আগ পর্যন্ত তাকে থানাহাজতে থাকতে হয়। আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ২৪ ঘণ্টা বা এক দিনের বেশি সময় হাজতে রাখার বিধান নেই। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সেই এক দিনের খাবার থানার ওসি থেকে শুরু করে এসআইরা বিভিন্ন উৎস থেকে ব্যবস্থা করেন।পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী, প্রতি মাসে পঞ্চগড়ের পাঁচটি থানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা ৪০০ থেকে ৫০০ জন। তাদের মধ্যে থাকে আদালতের ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানার আসামি, থানায় দায়েরকৃত নিয়মিত মামলার আসামি, আদালত থেকে সাজা পাওয়া আসামি, দণ্ডবিধির ৫৪ ধারায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি। এ ছাড়া দণ্ডবিধির ৫৪ ধারাসহ অন্যান্য কারণে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগের সত্যতা না পাওয়া গেলে তাদের অনেককে থানা থেকে ছেড়েও দেওয়া হয়।পুলিশের ওই কর্মকর্তা বলেন, থানাহাজতে থাকার সময় বাইরে থেকে খাবার দেওয়ার বিধান নেই। থানাহাজতে থাকা ব্যক্তির জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করে থানার পুলিশ। একইভাবে কোনো মামলায় রিমান্ডে নিয়ে আসা আসামিকে থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডের মেয়াদ শেষে আদালতে হাজির করার আগ পর্যন্ত খাবারের জোগান দিতে হয় পুলিশকে। গ্রেপ্তার বা রিমান্ডের আসামিকে থানাহাজতে রাখার জন্য খাবারের ব্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানাহাজতে থাকা আসামিদের খাবারের জন্য বরাদ্দ করা টাকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। থানার পুলিশকে এই টাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ছাড় করিয়ে আনতে হয়।পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান বলেন, পাকিস্তান আমল থেকে একজন হাজতির তিন বেলার খাবারের জন্য ১০ টাকা বরাদ্দ আছে। এই টাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিল করে ছাড় করাতে হয়।