তিন বোনের আতঙ্কমাখা চাহনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার শ্রীমতী ত্রিপুরার দুই ছেলে মারা গেছে। তিন মেয়ে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। ছবিটি গতকাল বিকেল সাড়ে পাঁচটায় তোলা l জুয়েল শীল
সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার শ্রীমতী ত্রিপুরার দুই ছেলে মারা গেছে। তিন মেয়ে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। ছবিটি গতকাল বিকেল সাড়ে পাঁচটায় তোলা l জুয়েল শীল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের পাশাপাশি তিনটি শয্যায় শুয়ে আছে তিন বোন—শাবানা (১৩), অঞ্জনা (৯) ও চম্পা (৭)। তিনজনই আক্রান্ত হয়েছিল জ্বরে। মা শ্রীমতী ত্রিপুরা ঘুরে ঘুরে তিনজনকে সেবা করে যাচ্ছেন। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে তিনজন।
চোখের সামনে গত সপ্তাহে মারা গেছে ছোট দুই ভাই। তারাও জ্বরে আক্রান্ত হয়েছিল। তিন বোনেরও একই অসুখ। কচি মুখগুলোর চাহনিতে যেন সেই ভয় ও আতঙ্ক।
তিন শিশুই সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার সরদার সুজন ত্রিপুরার মেয়ে। অন্যদের মতো সুজনও অসুস্থ ছেলেমেয়েদের নিয়ে ঘরে বসে ছিলেন।
৬ জুলাই সুজন ত্রিপুরার বড় ছেলে অজয়কে (৫) দিয়ে শুরু হয় ত্রিপুরাপাড়ায় মৃত্যুর মিছিল। এরপর ১০ জুলাই মারা যায় ছোট ছেলে বিজয়ও (৩)। গত বৃহস্পতিবার পাড়া-প্রতিবেশীদের বরাত দিয়ে তাদের নাম জানিয়া ও কানাইয়া ছাপা হয়েছিল। ওই দুটি ডাকনাম বলে জানান সুজন।
গত বুধবার অজ্ঞাত রোগে নয় শিশুর মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পর সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ার অসুস্থ অন্য শিশুগুলোকে জোরপূর্বক হাসপাতালে পাঠানো হয়। ওই দিন থেকে সুজনের তিন মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ জানান, মেয়ে তিনটি এখন ভালো রয়েছে। শঙ্কামুক্ত তারা। তবে তাদের পুষ্টির ঘাটতি রয়েছে।
গতকাল শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, মেজ বোন অঞ্জনার গতকালও জ্বর ছিল। তবে অন্য দুজন প্রায় সুস্থ। তিনজনই কোনো কথা বলছে না। শূন্যদৃষ্টি তাদের।
মা শ্রীমতী ত্রিপুরা পুত্রশোক বুকে নিয়ে তিন মেয়েকে সুস্থ করার চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, ‘পাঁচজনই প্রায় একই সময়ে জ্বরে আক্রান্ত হয়। এরপর গোটাও ওঠে শরীরে। অনেক চেষ্টা করেও ছেলেদের বাঁচাতে পারিনি। মেয়েগুলোও ভয় পেয়ে গেছে। তারা দুই ভাইকে নিয়ে একসঙ্গে খেলত।’
প্রায় ১৫ দিন ধরে সুজনের ছেলেমেয়েরা জ্বরাক্রান্ত। প্রথম দিকে নিজেদের সনাতনী পদ্ধতিতে সেবা-শুশ্রূষা করেছেন। একই সময়ে আরও অনেক প্রতিবেশীর ঘরেও শিশুরা একই ধরনের উপসর্গে আক্রান্ত হয়। জ্বর সারাতে হোমিওপ্যাথি ওষুধ এনে খাওয়ানো হয় শিশুদের। তারপর একে একে মারা যায় সুজনের দুই ছেলেসহ নয় শিশু।
সুজন ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘হোমিওপ্যাথি খাইয়েছি। আমাকে লোকজন অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে নিষেধ করেছে। তাই দেখাইনি। জানতাম না এমন হবে। এখন হাসপাতালে মেয়েরা সুস্থ হয়ে গেছে অনেকটা। আগে যদি নিয়ে আসতাম, তাহলে হয়তো ছেলেরাও বেঁচে যেত।’