তিন ব্যক্তি খুন, দুটি লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার কর্মধা ইউনিয়নের দিগলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকচিপাড়া গ্রামে ধূমপানে বাধা দেওয়ায় চাচাতো ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যু হয়েছে। একই দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন বটতলা এলাকা থেকে মো. কালাম মিয়া (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকা থেকে রবিউল্লাহ (৩৫) নামের দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: কুলাউড়ার কর্মধা ইউনিয়নের দিগলকান্দি গ্রামের সুন্দর আলী ও তাঁর চাচাতো ভাই শাহীন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ ওই জমিতে সুন্দর আলী একটি কাঁচা ঘর তোলেন। সোমবার রাত ১১টার দিকে শাহীন মিয়া লোকজন নিয়ে ওই জমি দখল করতে যান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের দায়ের কোপে শাহীন মিয়ার পক্ষের আলফু মিয়া (৪৫) ও তাঁর ভাই মাসুক মিয়া (৪০) গুরুতর আহত হন। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁরা মারা যান।
হাজীগঞ্জ (চাঁদপুর): সাকচিপাড়া গ্রামের নিহত আবদুল মুন্নাফের (৪২) বড় ভাই আবুল কাশেম জানান, গতকাল সকাল সাড়ে সাতটায় গ্রামের একটি চায়ের দোকানে বসে মুন্নাফ ও তাঁর চাচাতো ভাই মিজানুর রহমান চা পান করেন। চা পান শেষে মিজান দোকানদারকে সিগারেট দিতে বলেন। তখন মুন্নাফ মিজানকে দোকানে উপস্থিত মুরব্বিদের সামনে ধূমপান না করার নির্দেশ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজান ক্ষুব্ধ হয়ে মুন্নাফের কপালের বাঁ পাশে দুটি আঘাত করেন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ময়মনসিংহ: গতকাল দুপুরে গফরগাঁওয়ের টাঙ্গাব ইউনিয়নের বটতলা এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পাগলা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে উদ্ধারের পর লাশটি ‘কালাম ডাকাত’-এর বলে শনাক্ত করে।
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল ভোরে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকার একটি পুরোনো বাড়িতে রবিউল্লাহকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রবিউল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের আবদুল মতিনের ছেলে।