যশোরের কেশবপুরে তিন মানব পাচারকারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে কেশবপুর থানা-পুলিশ। গত ৩০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শরীফ হান্নান যশোরের মানব পাচার দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, নৌপথে মালয়েশিয়ায় পাচারের সময় নিখোঁজ সুজন হোসেনের (২৬) বাবা কেশবপুরের সাগরদাঁড়ি গ্রামের আবদুর রাজ্জাক শেখ চলতি বছর মে মাসে কেশবপুর থানায় মামলা করেন। এ মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামের শহিদুল ইসলাম ও ভালুকঘর গ্রামের আবদুর রহমান ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার মনিরুজ্জামান। আসামিদের পলাতক দেখিয়ে তদন্তকারী কর্মকর্তা শরীফ হান্নান গত ৩০ আগস্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
সাগরদাঁড়ি গ্রামের আবদুর রাজ্জাক শেখ মামলায় উল্লেখ করেন, ২০১৩ সালের ২ নভেম্বর তাঁর ছেলে মো. সুজনকে ফুসলিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য ৩ লাখ ২০ হাজার টাকার চুক্তি করে আসামিরা। সে মোতাবেক তিনি তাঁদের ২ লাখ ২০ হাজার টাকা জমা দেন। এরপর শহিদুল ইসলাম ও আবদুর রহমান নৌপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য সুজনকে বাড়ি থেকে নিয়ে যান। দীর্ঘদিন পার হলেও আসামিরা তাঁর ছেলের কোনো সন্ধান দিতে পারেননি।