তিন ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর বংশাল, বাড্ডা ও পশ্চিম রামপুরা এলাকার তিন ব্যক্তির লাশ গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন মাদকাসক্ত ছিলেন বলে পুলিশকে জানিয়েছে তাঁদের পরিবার।
পুলিশ জানায়, বংশালের সাত রওজা এলাকা থেকে বেলা একটার দিকে মো. শামীম (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই এলাকার আবুল হাসনাত রোডে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি।
পরিবারের বরাত দিয়ে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) অলোক কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, শামীম মাদকাসক্ত ছিলেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, এ ব্যাপারে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য শামীমের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বাড্ডার বড় বেরাইদ নয়াবাড়ি এলাকায় নিজ বাসার ছাদে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাবু মিয়া (২৪) নামের এক যুবক। গতকাল দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বাড্ডা থানার এসআই বজলুর রহমান বলেন, পরিবার জানিয়েছে বাবু মাদকাসক্ত ছিলেন।
পুলিশ আরও জানায়, পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের একটি বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আতিকুর রহমান (২২) নামের এক তরুণ। তিনি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আতিকুরের বাবা আতাউর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আতিকুর রহমান তাঁর কক্ষে ফ্যানের সঙ্গে গলায় চাদর পেঁচিয়ে ফাঁস দেন। দেখতে পেয়ে দ্রুত নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আতিকুরকে মৃত ঘোষণা করেন।