তিন ব্যবসায়ীসহ নিহত ৫
সিলেট, কুমিল্লার চৌদ্দগ্রাম, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় তিন ব্যবসায়ীসহ পাঁচ ব্যক্তি নিহত ও ২৬ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চৌদ্দগ্রাম (কুমিল্লা): উপজেলার গোলাইকরা এলাকায় গতকাল দুপুরে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মাহফুজ সরকার (৩০) নিহত হন। আহত হন ১৩ জন যাত্রী।
সিলেট: গতকাল দুপুরে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে দক্ষিণ সুরমার কামালবাজারের কাছে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী স্কুলছাত্র পিয়াস মল্লিক (১৫) নিহত হয়। আহত হন আরও ১০ জন বরযাত্রী। তাঁদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিয়াস ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রামের প্রণয় মল্লিকের ছেলে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার গালাহার বাসস্ট্যান্ডের কাছে গতকাল সকাল আটটার দিকে ট্রাকের চাপায় বোরহান উদ্দিন (৩০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হন। বোরহান উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রাম খালি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই মহাসড়কে অবস্থান নেন। এতে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
নেত্রকোনা: নেত্রকোনো-ময়মনসিংহ সড়কে নেত্রকোনার চল্লিশা এলাকায় গত বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানের দুই আরোহী দুখু মিয়া (৫২) ও জিল্লু মিয়া (৩৫) নিহত হন। এ ছাড়া তিনজন আহত হন। নিহত ওই দুই ব্যক্তি মাছ ব্যবসায়ী ছিলেন। তাঁদের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায়।