রাতভর অভিযান চালিয়ে বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত তিনজন ব্যবসায়ী ও ব্যাংকটির একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে ৩১ মার্চ রিমান্ড শুনানির দিন নির্ধারণ করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেপ্তার চার ব্যক্তি হলেন মেসার্স এমারেল্ড ড্রেস লিমিটেডের সৈয়দ হাসিবুল গণি, এশিয়ান শিপিং বিডির প্রোপ্রাইটর মো. আকবর হোসেন, ফারশি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নবী চৌধুরী এবং বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী।
দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মামলার তদন্তের প্রয়োজনে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট যে কাউকে গ্রেপ্তার করা হতে পারে।
সূত্র জানায়, গত রোববার দিবাগত রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে অভিযান চালায় দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সংস্থার বিশেষ একটি দল। কঠোর গোপনীয়তার মধ্যে পরিচালিত এই অভিযানে হাসিবুল গণিকে ধানমন্ডি, ফয়েজুন নবীকে গুলশান এবং আকবর হোসেন ও ইকরামুল বারীকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
সূত্রটি আরও জানায়, এমারেল্ড ড্রেস লিমিটেড, এমারেল্ড অয়েল, এমারেল্ড অটো ব্রিকস, এমারেল্ড কোল্ড স্টোরেজ ও ভয়েস এন্টারপ্রাইজের সৈয়দ হাসিবুল গণির বিরুদ্ধে মামলা রয়েছে পাঁচটি। এসব মামলায় তাঁর বিরুদ্ধে ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এশিয়ানের আকবর হোসেনের বিরুদ্ধে করা মামলায় ২৫ কোটি টাকা এবং ফারশি ইন্টারন্যাশনালের ফয়েজুন নবীর বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বেসিক ব্যাংকের কর্মকর্তা ইকরামুল বারীর বিরুদ্ধে দুই মামলায় ৪৮ কোটি টাকা আত্মসাতের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার চার ব্যক্তিকে গতকাল বিকেলে ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় দুদক। আদালত ৩১ মার্চ রিমান্ড শুনানির তারিখ ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।