বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন ব্যবসায়ী ও একজন ব্যাংক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের আদেশে মেসার্স এমারেল্ড গ্রুপের সৈয়দ হাসিবুল গণির চার মামলায় ১৬ দিন, এশিয়ান শিপিং বিডির প্রোপ্রাইটর মো. আকবর হোসেনের ৩ দিন, ফারশি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নবী চৌধুরীর ৪ দিন এবং বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ২৭ মার্চ দিবাগত রাত থেকে ২৮ মার্চ সকাল পর্যন্ত রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। পরে দুদক আদালতে রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম মারুফ হোসেন ৩১ মার্চ রিমান্ড শুনানির তারিখ ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদক সূত্র জানায়, এমারেল্ড গ্রুপের সৈয়দ হাসিবুল গণির বিরুদ্ধে মামলা রয়েছে পাঁচটি। এসব মামলায় তাঁর বিরুদ্ধে ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এশিয়ানের আকবর হোসেনের বিরুদ্ধে করা মামলায় ২৫ কোটি টাকা এবং ফারশি ইন্টারন্যাশনালের ফয়েজুন নবীর বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বেসিক ব্যাংকের কর্মকর্তা ইকরামুল বারীর বিরুদ্ধে দুই মামলায় ৪৮ কোটি টাকা আত্মসাতের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।