ব্যবসা-বাণিজ্যে অসামান্য অবদানের জন্য দেশের তিন ব্যবসায়ী ও দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৭’ নামে এ পুরস্কারের আয়োজক আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
রাজধানীর একটি হোটেলে গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ডিএইচএলের আবাসিক ব্যবস্থাপক ডেসমন্ড কুইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মোট পাঁচটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। ‘বছরের সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব’ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। ‘ব্যবসায় অসাধারণ নারী’ হিসেবে এ বছর সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা। আর ব্যবসা-বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুনুর রশিদ খান মুন্নু। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন মেয়ে আফরোজা খান।
এর বাইরে ‘বছরের সেরা আর্থিক প্রতিষ্ঠান’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব। আর ‘বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন চেয়ারম্যান মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আজকে পুরস্কার পাওয়া প্রতিটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে মালিক-শ্রমিক সুসম্পর্ক। একটি প্রতিষ্ঠানের উন্নয়নে মালিক-শ্রমিকের একটি পরিবার হয়ে কাজ করার সংস্কৃতি বাংলাদেশে বাড়ছে।
অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে ভারতের বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ বলেন, প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মাথায় বন্ধন ব্যাংক আজ ভারতের চতুর্থ বৃহৎ ব্যাংক। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মিষ্টির দোকানে কাজ করে জীবন শুরু হয়েছিল। সেখান থেকে আজকের এ পর্যায়ে আসার পেছনে প্রবল ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মূল শক্তি হিসেবে কাজ করেছে।
ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম বলেন, বাংলাদেশের আজকের এই উন্নতির পেছনে সবচেয়ে বড় অবদান বেসরকারি খাতের ব্যবসায়ীদের। কিন্তু তাঁদের প্রতি সম্মানের অভাব আছে সমাজে, এই মানসিকতা বদলাতে হবে। নদীদূষণ ও পরিবেশ রক্ষায় দেশের ব্যবসায়ীদের নিজ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, আমলা, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।