তিন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির মামলায় ওই ব্যাংকের তিনজন কর্মকর্তা গতকাল রোববার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান ১০ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
গতকাল সাক্ষ্য দেন বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখার কর্মকর্তা তরিকুল ইসলাম, লিয়াকত হোসেন ও নজরুল ইসলাম। তাঁদের আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। এ নিয়ে এ পর্যন্ত চারজনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে।
গত বছরের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতি হয়। ওই সময় ডাকাতদের হামলায় ব্যাংকের কর্মচারীসহ আটজন নিহত হন। পরবর্তী সময় গ্রেপ্তার হওয়া জঙ্গি সংগঠন জেএমবির একাধিক সদস্য আদালতে ডাকাতির দায় স্বীকার করে জবানবন্দি দেন। তাঁদের কাছ থেকে ব্যাংকের লুটে নেওয়া ৬ লাখ ৭ হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়।
গত বছরের ১ ডিসেম্বর আশুলিয়া থানার পুলিশ ১১ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন আদালতে। আসামিরা হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আবদুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা। তাঁদের মধ্যে পলাশ পলাতক আছেন। বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার বাদে অন্যরা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পুলিশ জানিয়েছে।