চট্টগ্রামে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা মামলায় ব্যাংকের তিন কর্মকর্তাসহ চারজনকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবদুস শুক্কুর, মঈন উদ্দিন, তড়িৎ কান্তি সেন ও বিভূতিভূষণ তালুকদার।
বিভূতিভূষণ তালুকদার নগরের আলকরণ এলাকার মেসার্স সৈকত ট্রেডার্সের মালিক। অন্য তিন আসামি অগ্রণী ব্যাংকের নগরের খাতুনগঞ্জ শাখার সাবেক কর্মকর্তা।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৮৬ সালের ৩ মার্চ থেকে ১৯৮৭ সালের ১৬ জুন পর্যন্ত সময়ে আসামিরা পরস্পর যোগসাজশে চিনি আমদানির কথা বলে জালিয়াতির মাধ্যমে অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে তুলে নিয়ে দেড় কোটি টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আবু মো. আরিফ সিদ্দিকী আসামিদের বিরুদ্ধে ১৯৮৭ সালের ৩১ আগস্ট কোতোয়ালি থানায় চারটি মামলা করেন। তদন্ত শেষে ১৯৮৯ সালের ২৭ জুলাই অভিযোগপত্র দেওয়া হয়। ২০০০ সালের ৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
দুদকের আইনজীবী জানান, চারটি মামলায় পৃথকভাবে চার আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই হিসেবে প্রত্যেকের ২০ বছর করে কারাদণ্ড হয়েছে।
তিন ব্যাংক কর্মকর্তা দীর্ঘদিন ধরে পলাতক। আরেক আসামি বিভূতিভূষণ তালুকদার গতকাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিভূতিভূষণ তালুকদারকে কারাগারে পাঠানো হয়।