তিন ব্যাংক কর্মকর্তাসহ চারজনের ২০ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জালজালিয়াতি ও ক্ষমতার অপব্যাবহার করে দেড় কোটি টাকা আত্মসাতের দুর্নীতির মামলায় তিন ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-আবদুস শুক্কুর, মঈন উদ্দিন, তড়িৎ কান্তি সেন ও বিভূতিভূষণ তালুকদার।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। বিভূতিভূষণ তালুকদার নগরের আলকরণ এলাকার মেসার্স সৈকত ট্রেডার্সের মালিক। বাকি তিনজন নগরের খাতুনগঞ্জ শাখা অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা। আসামিদের মধ্যে তিন ব্যাংক কর্মকর্তাই পলাতক রয়েছেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৮৬ সালের ৩ মার্চ থেকে ১৯৮৭ সালের ১৬ জুন পর্যন্ত সময়ে আসামিরা পরস্পর যোগসাজশে জাল জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে চিনি আমদানির কথা বলে টাকা উত্তোলন করে দেড়কোটি টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আবু মো. আরিফ সিদ্দিকী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা করেন। ১৯৮৭ সালের ৩১ আগস্ট মামলাগুলো রুজু করা হয়। তদন্ত শেষে ১৯৮৯ সালের ২৭ জুলাই অভিযোগপত্র দেওয়া হয়। ২০০০ সালের ৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয় আদালতে। প্রত্যেকটি মামলায় ১১ থেকে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।
দুদক আইনজীবী আরও বলেন, রায়ের আদেশে বিচারক উল্লেখ করেন, চারটি মামলায় পৃথকভাবে চার আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। সেই হিসেবে প্রত্যেকের ২০ বছর করে কারাদণ্ড হয়। আদালত আসামিদের আত্মসাৎ করা দেড়কোটি টাকা, তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।
তিন ব্যাংক কর্মকর্তা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। আরেক আসামি বিভূতিভূষণ তালুকদার আজ রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত জামিন আদেশ বাতিল করে তাঁকে কারাগারে পাঠান বলে জানান দুদক আইনজীবী।