তিন ব্যাংক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামে তিন ব্যাংক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে অভিযোগপত্রটি গ্রহণের শুনানির জন্য আদালত এখনো কোনো তারিখ নির্ধারণ করেননি।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ১৪ মার্চ থেকে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাত আসামি যোগসাজশ করে ব্যাংক এশিয়া লিমিটেডের ভাটিয়ারী শাখা থেকে ৭৪ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তে সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক এম এইচ রহমত উল্লাহ তদন্ত শেষে আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন।
অভিযুক্তভুক্ত আসামিরা হলেন ব্যাংক এশিয়ার ভাটিয়ারী শাখার সাবেক প্রধান মোহাম্মদ হোসনেজ্জামান, সাবেক ব্যবস্থাপক (অপারেশন) মিজানুর রহমান, ক্রেডিট ইনচার্জ ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ছালেহ উদ্দীন ইউসুফ, ভাটিয়ারীর মেসার্স শাহ আমানত আয়রন মার্টের মালিক গিয়াস উদ্দিন, এস এম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুন্নবী, আর এন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোস্তাকিম ও সামিয়া শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. সেকান্দর মিয়া। এঁদের মধ্যে মোহাম্মদ হোসনেজ্জামান ও মিজানুর রহমান কারাগারে আটক রয়েছে।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, স্ক্র্যাপ (বাতিল লোহা) ব্যবসা করার উদ্দেশ্যে এবং জাহাজ আমদানির জন্য ব্যাংক এশিয়া লিমিটেডের ভাটিয়ারী শাখা থেকে ঋণ নিয়ে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি সপরিবারে গা-ঢাকা দেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন। এ ঘটনায় ভাটিয়ারী শাখার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এমরানুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। দুদকের দেওয়া অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী রাখা হয়েছে।