তিন বড় শ্রমবাজারে কর্মী পাঠানোয় মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় শ্রমবাজার হলেও সাত বছর ধরে এই তিন দেশে জনশক্তি রপ্তানিতে মন্দা চলছে। তবে সার্বিকভাবে কয়েক বছর ধরে জনশক্তি রপ্তানি কিছুটা বেড়েছে।
এর মধ্যে সৌদি আরবে নারী কর্মী পাঠানো শুরু হলেও সেখানে কিছু নারী কর্মী নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সৌদি আরব গত রমজান মাসের মধ্যেই ৫০ হাজার নারী কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে এখন পর্যন্ত মাত্র ১৩ হাজারের মতো নারী কর্মী সৌদি আরবে গেছেন।
এ বিষয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামছুন নাহার বলেন, দু-একটি ঘটনা যে ঘটছে না, তা নয়। তবে সে বিষয়ে তাঁরা ব্যবস্থাও নিচ্ছেন। তাঁর দাবি, কর্মীদের পক্ষ থেকেও সমস্যা আছে। যেমন কিছুদিন আগে ছয়জনের বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর দেখা গেল, দুজন অসুস্থ ছিলেন, তাঁদের ফেরত আনা হয়েছে। বাকি চারজনের বিষয়ে দেখা গেছে, তাঁরা আসলে সেখানে কাজই করবেন না, এ জন্য যাওয়ার পরই অভিযোগ করেন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান বলছে, সাত বছর আগে ২০০৮ সালে সৌদি আরবে জনশক্তি রপ্তানি হয়েছিল ১ লাখ ৩২ হাজার ১২৪ জন। চলতি বছর ওই দেশে জনশক্তি রপ্তানি হয়েছে ৫১ হাজার ৮৩৬ জন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাত বছর আগে জনশক্তি রপ্তানি হয় ৪ লাখ ১৯ হাজার ৩৫৫ জন। এ বছর এই সংখ্যা ২৪ হাজার ৩৪৪। মালয়েশিয়ায় ২০০৮ সালে পাঠানো হয় ১ লাখ ৩১ হাজার ৭৬২ জন। আর এ বছর এখন পর্যন্ত সেখানে গেছেন ২৭ হাজারের কিছু বেশি।
কুয়েতেও কয়েক বছর ধরে জনশক্তি রপ্তানি হচ্ছে একেবারে সীমিতভাবে। কাতার ও ওমানই এখন ভরসার জায়গা হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৯৬ লাখ বাংলাদেশি কাজ করছেন।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি আবুল বাসার প্রথম আলোকে বলেন, বছরে গড়ে পাঁচ লাখ জনশক্তি রপ্তানি হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় শ্রমবাজারের পথটি প্রশস্ত করা গেলে বছরে অন্তত আরও দুই থেকে তিন লাখ কর্মী বেশি পাঠানো সম্ভব হতো। তাঁর অভিযোগ, ইউএইতে জনশক্তি রপ্তানির সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে না।
জানতে চাইলে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ার সঙ্গে শিগগিরই সমঝোতা চুক্তিতে সই হবে। আর সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার উন্মুক্ত করার জন্যও তিনি আলোচনা করবেন। সৌদি আরবের পরিস্থিতির এখন উন্নতি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কিছু নেতিবাচক প্রচারের কারণে সৌদিতে নারী কর্মী কম যেতে চাচ্ছেন।