তিন ভাইকে মারধর করলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার কলম বাজারে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হিন্দুধর্মাবলম্বী তিন ভাইকে পিটিয়ে জখম করেছেন। এ সময় তাঁদের একটি সোনার দোকান ভাঙচুর করা হয়৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে সিংড়ার কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হোসেন, তাঁর ভাই সালাউদ্দিন হোসেন কয়েকজন যুবককে নিয়ে কলম বাজারের বিমান পালের সোনার দোকানে গিয়ে তাঁর ভাই সমর পালের সন্ধান করেন। এ সময় সমর দোকানে এলে তাঁকে মারধর করা হয়। রডের আঘাতে সমরের চোখে চশমার কাচ ঢুকে রক্তক্ষরণ শুরু হয়। দুই ভাই বিমল পাল ও সাধন পাল তাঁকে উদ্ধারে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়৷ পরে আশপাশের দোকানদারেরা আহত তিন ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোরে পাঠান৷ তাঁদের নাটোরের ইব্রাহিম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হাসপাতালের চিকিৎসক এ ওয়াই খান জানান, সমরের চোখে অস্ত্রোপচার করে কাচ অপসারণ করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’