তিন ভাইবোনের লেখাপড়া বন্ধ হয়ে যাবে?
লেখাপড়া শিখিয়ে সন্তানদের বড় করার স্বপ্ন ছিল বাবার। তারমিনা খাতুন (১১), তৌহিদা খাতুন (৯) ও তৌহিদ হাসানও স্বপ্ন দেখত পড়ালেখা শিখে বড় হওয়ার। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাবার মৃত্যুর পর থেকে সেই স্বপ্ন আজ ধূলিস্যাৎ হতে বসেছে।
তাদের বাবার নাম মো. তাইজুদ্দিন (৩৫)। দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের রণগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ২০১১ সালের ১৬ ডিসেম্বর উপজেলার কাটলা সীমান্তে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।
তিন ভাইবোনের মধ্যে তারমিনা সপ্তম শ্রেণীতে, তৌহিদা পঞ্চম শ্রেণীতে এবং তৌহিদ দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করছে। তাইজুদ্দিনের স্ত্রী তছলিমা বেগম (৩০) জানান, তাইজুদ্দিন ভ্যানচালক ছিলেন। সীমান্ত এলাকায় বাড়ি হলেও তিনি কখনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। মারা যাওয়ার কিছুদিন আগে ছেলেমেয়েদের লেখাপড়া ও পরিবারের খরচের জন্য একটি বেসরকারি সংস্থা থেকে কিছু ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা শোধ করতে এলাকার গরু ব্যবসায়ীদের সঙ্গে গরু আনতে সীমান্তে গেলে বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়।
তছলিমা বেগম আরও জানান, তাইজুদ্দিন সব সময় সন্তানদের লেখাপড়া শিখিয়ে বড় করার স্বপ্ন দেখতেন। ভ্যান চালিয়ে যে টাকা রোজগার করতেন, তার বেশির ভাগই সন্তানদের লেখাপড়ার কাজে ব্যয় করতেন। স্বামী মারা যাওয়ার পর তিনি সন্তানদের নিয়ে শ্বশুর অছির উদ্দিনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে জায়গা না হওয়ায় কাটলায় তাঁর এক ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন।
তছলিমা বলেন, তাঁদের কোনো জমিজমা ছিল না। তাইজুদ্দিনের মৃত্যুর পর তিনি রাস্তায় মাটি কাটার কাজ করতেন। এখন কাজ না থাকায় সন্তানদের নিয়ে বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়েছে।
কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সামছুল আলম বলেন, তিনি সাধ্যমতো ওই পরিবারকে সাহায্য করছেন। কিন্তু অভাব-অনটনের সংসারে শিশুরা পড়ালেখা চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।