তিন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চলছে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু

জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, করোনা, জঙ্গি ও দুর্নীতি—এই তিন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চলছে। এই তিন ভাইরাসের কোনোটাই খাটো করে দেখার সুযোগ নেই। এই তিন ভাইরাস পুষে রেখে জীবনও বাঁচবে না, জীবিকাও হবে না। তাই কোনো ছাড় না দিয়ে এই তিন ভাইরাস দমন ও ধ্বংস করেই এগোতে হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দল জাসদের সভাপতি ইনু বলেন, করোনা দেশের আর্থসামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ত্রুটিবিচ্যুতি ও ফাঁকফোকর ফুটিয়ে তুলেছে। স্বাস্থ্যসহ অন্য খাতগুলোর কেনাকাটায় কী ঘটেছে, তা সবাই জানেন। স্বাস্থ্য খাতে সুশাসনের কোনো বালাই নেই। এখাতে কেবল দুর্নীতির খবর। তাদের বরাদ্দ অপ্রতুল। প্রাপ্ত বরাদ্দও খরচ করতে পারে না। যেটুকু খরচ করেছে, তাতে দুর্নীতির বদনামই কামিয়েছে। এ কারণে দেশে যথাসময়ে অক্সিজেন প্ল্যান্ট হয়নি।

করোনাসামগ্রী কেনা হয়নি। ব্যবস্থাপনা ঠিকমতো হয়নি। এগুলো চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা বাজেটে থাকা উচিত ছিল।

সম্প্রতি একটি রাডার কেনার প্রসঙ্গ টেনে সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ১ হাজার ৭৫৫ কোটি টাকা দিয়ে রাডার কেনার সব আয়োজন সম্পন্ন হয়েছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই রাডার কেনা হয়েছে মাত্র ৬৩০ কোটি টাকায়। কারা এই টাকা লুটপাট করে খাওয়ার আয়োজন করেছিল? হাতের পর হাত, ঘাটের পর ঘাট ‍ঘুরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর চুরির ঘটনা ধরা পড়ল।

ইনু বলেন, বরাদ্দকৃত অর্থ ব্যয়, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন—সব ক্ষেত্রেই দুর্নীতিবাজ-লুটেরাদের সিন্ডিকেটের আসর বিদ্যমান। সরকারের সামগ্রিক কেনাকাটায় স্বচ্ছতা আনতে হবে। চিহ্নিত দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে। তারেক-কোকোর পাচারকৃত অর্থের মতো বেগমপল্লির সেকেন্ড হোমে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে। যে চোরেরা সরকারকে কালিমালিপ্ত করছে, তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। দুর্নীতিবাজদের কারাগারে পাঠাতে হবে।

ইনু আরও বলেন, টিকা নিয়ে সমন্বয়হীনতা ও তুঘলকি কাণ্ড বন্ধ করতে হবে। দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা করতে হবে। এক বছরের মধ্যে সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

বাজেট প্রসঙ্গে ইনু বলেন, অর্থমন্ত্রীর খাত অগ্রাধিকার নির্ণয় সঠিক, কিন্তু বরাদ্দ বেঠিক। এ বাজেট অর্থনীতি পুনরুদ্ধারের নীতির নয়। এটি এক বছর পেটেভাতে চলার বাজেট। বাজেটে প্রবৃদ্ধি হবে, কিন্তু পুষ্টিসম্মত অর্থনীতির সূচনা হবে না।

এবার ছকের বাইরে গিয়ে বাজেট করার সুযোগ ছিল মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, সুযোগ ছিল করোনা মোকাবিলার যুদ্ধকালীন প্রস্তুতি ও অর্থনীতি পুনরুদ্ধারের কৌশলগত সুদূরপ্রসারী পরিকল্পনার সুস্পষ্ট ছক করার। কিন্তু তা করা হয়নি।