তিন ভাইয়ের পিটুনিতে অপর ভাইয়ের মৃত্যু
রাজশাহীর বাগমারায় জমি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে তিন ভাইয়ের মারপিটে মেজ ভাই নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন (৩৫)। তিনি পানিয়া গ্রামের মৃত জেকের আলীর ছেলে।স্থানীয় লোকজন ও বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, জামাল, তোরাব, কামাল ও কাওসারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাতে চার ভাই জমি ভাগবাটোয়ারা ও বিরোধ নিষ্পত্তি করতে নিজেদের বাড়িতে বৈঠকে বসেন। এ সময় তাঁদের মাঝে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিন ভাই ক্ষিপ্ত হয়ে মেজ ভাই জামাল উদ্দিনকে লাঠি দিয়ে মারপিট শুরু করেন। এতে তিনি আহত হন। জামালের চিৎকারে তাঁর স্ত্রী ও প্রতিবেশী লোকজন ছুটে এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জামাল মারা যান।বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ জানান, শনিবার দুপুরে জামাল নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। নিহত জামালের অন্য ভাই ও স্ত্রী-সন্তানেরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।