তিন ভাগে বিভক্ত হয়ে এক কর্মসূচি পালন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও সমাবেশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তবে এককভাবে নয়; তিন ভাগে বিভক্ত হয়েই এসব কর্মসূচি পালন করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালামের নেতৃত্বে তাঁর অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে একটি শোভাযাত্রা বের করেন। এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইন অনুষদ ভবনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক নুরুল হুদার নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বর থেকে শুরু হয়ে গোলচত্বর এলাকায় এলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে পুনরায় স্টেশন চত্বরে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। নুরুল হুদার অনুসারীরা এতে অংশ নেন।
এ ছাড়া ছাত্রদলের আরেক নেতা কে আলমের নেতৃত্বে তাঁর অনুসারীরা বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে আরেকটি শোভাযাত্রা বের করেন। এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আলাদাভাবে কর্মসূচি পালন করার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে
পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে রাগ-অভিমান বিরাজ করছে। এখন নতুন কমিটি গঠন হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় সবাই আলাদা আলাদাভাবে আত্মপ্রকাশ করছে।’
নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা ভেঙে পড়েছেন। নতুন কমিটি গঠিত হলে হয়তো সবাই একসঙ্গে কাজ করতে পারব।’
কে আলম বলেন, ‘অনেক দিন ধরে কমিটি না হওয়ায় এবং নেতৃত্বহীনতায় ভোগায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। নতুন কমিটি গঠিত হলে এসব সমস্যা মিটে যাবে।’
২০১১ সালের ২৯ মার্চ তৌহিদুল ইসলামকে সভাপতি, নেছারুল ইসলামকে সিনিয়র সহসভাপতি ও সাইফুদ্দিন সালমকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা দেয় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। এক বছর মেয়াদি এ কমিটি দীর্ঘ আড়াই বছরের মাথায়ও সম্প্রসারণ করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।