তিন ভারতীয়কে আটক করেছে বিজিবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে আজ রোববার ভোরের দিকে ২১টি গরুসহ ভারতের তিনজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক তিন ভারতীয় নাগরিক হলেন: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেস্টগঞ্জের মায়া ঘোষের ছেলে বাবন ঘোষ (১৯), নীলমণি হালদারের ছেলে সুজয় হালদার (২০) ও রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে রজত বিশ্বাস (২০)।
বিজিবি সূত্র জানায়, রোববার ভোরের দিকে উপজেলার বারাদী সীমান্ত চৌকির (বিওপি) টহল কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ওই তিন ভারতীয়কে আটক করে।
বিজিবির ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ জানান, গরুগুলো দর্শনা শুল্ক বিভাগ (কাস্টমস) কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আর তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করে তাঁদের দামুড়হুদা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।