তিন ভুয়া চিকিৎসককে সাজা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে রোগী দেখার দায়ে ঢাকার ধামরাই ও আশুলিয়ার তিন ব্যক্তিকে দুই থেকে চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাঁদের এক থেকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
র্যাবের নির্বাহী হাকিম আল-আমিনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার এ অভিযান চালান।
গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার মালেকা জেনারেল হাসপাতালের ভুয়া চিকিৎসক তোফাজ্জল হোসেন সরকার (৩১) ও ইসলামপুরের আইকন ডায়াগনস্টিক ক্লিনিকের আবদুস সালাম (৩৩) এবং আশুলিয়ার জিরানী এলাকার অকোটেক্স গার্মেন্টসের সবুজ খান (৩৩)।
র্যাব সূত্র জানায়, সবুজ দীর্ঘদিন ধরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শেখ তৈয়বুর রহমান পরিচয়ে রোগী দেখে ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সালামও ডাক্তার সেজে রোগী দেখছিলেন। তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করা হয়। তোফাজ্জল চিকিৎসক না হয়েও রোগী দেখায় দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।