তিন মণ ধানে এক কেজি ইলিশ!
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ পান্তা-ইলিশ। কিন্তু সেই ইলিশের দেখা মিলছে না সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। ইলিশের দাম চড়া হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধানগড়া পশ্চিমপাড়ার বাসিন্দা মিজানুর রহমান বলেন, পয়লা বৈশাখে পান্তা-ইলিশের স্বাদ নেওয়ার রেওয়াজ থাকলেও এবার তা বাদ দিতে হয়েছে। ধানের দাম হঠাৎ করেই কমে গেছে এ উপজেলায়। বর্তমানে প্রতি মণ ধান ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তিন মণ ধান বেচে এক কেজি ইলিশ খাওয়া সম্ভব নয়।’
গতকাল সোমবার উপজেলা সদরের ধানগড়া বাজারে গিয়ে দেখা যায়, একটি মাছের দোকানে খুব ভিড়। কারণ জানতে চাইলে বলা হলো, এ দোকানে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে। এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। এক কেজির চেয়ে কম ওজনের ইলিশ এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দাম বেশি হওয়ায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে কম। বিক্রেতা বাবু বলেন, ‘গত বছর আট-দশ মণ ইলিশ মাছ বিক্রি হলেও এবার দাম বেশি বলে তেমন বিক্রি হচ্ছে না।’ ধানগড়া ইউনিয়নের ঝাপড়া পালপাড়ার প্রকাশ চন্দ্র পাল বলেন, ‘পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খেতেই হবে এমন কোনো কথা নেই। তাই এবার দাম বেশি হওয়ায় ইলিশ কিনতে যাইনি।’
আবদুল কুদ্দুস নামের একজন মাছ ব্যবসায়ী জানান, সারা বছর খোঁজ না নিলেও কিছু মানুষ পয়লা বৈশাখকে সামনে রেখে ইলিশ মাছ কেনার জন্য পাগল হয়ে যান। তাঁদের কাছে দাম কোনো বিষয় নয়। তবে এঁদের সংখ্যা কম বলে দুই বছর ধরে তিনি বৈশাখে ইলিশ মাছ বেচা বাদ দিয়েছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় বৈশাখী আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জানান, বৈশাখের সঙ্গে কেমন করে ইলিশ মাছ যুক্ত হলো জানি না। হুজুগে মেতে পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খেতে গিয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ।