চট্টগ্রামের ফতেয়াবাদের মধ্যম মাদার্শায় শ্রীবিলের কৃষিজমি ও দেবোত্তর সম্পত্তি ভরাট করে নির্মাণাধীন আবাসন প্রকল্পের সব কার্যক্রম বন্ধ করতে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। গতকাল মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়, প্রকল্পনির্মাতা এলিট ল্যান্ড লিমিটেডসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ নোটিশ দেওয়া হয়।ভূমি মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চট্টগ্রাম বিভাগ); চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান; জেলা প্রশাসক; উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্পনির্মাতা এলিট ল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর এ নোটিশ পাঠানো হয়।নোটিশে আবাসন প্রকল্প তৈরির পরিকল্পনা বাতিলসহ সব কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে বিলের ভরাট অংশ পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। বেলার আইনজীবী তসলিমা ইসলাম স্বাক্ষরিত নোটিশে সাত দিনের মধ্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে বলা হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে বলা হয়।নোটিশে বলা হয়, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ অনুযায়ী প্রকল্প চালু করার আগে পরিবেশগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু তা সত্ত্বেও এলিট ল্যান্ড লিমিটেড ছাড়পত্র না নিয়ে কৃষিজমিতে আবাসন প্রকল্প তৈরি শুরু করে।নোটিশে আরও বলা হয়, ১২০ একর জমির মধ্যে ১৬ একর জমিতে বালু ফেলার কাজ চলছে এবং শ্রীবিলের পাশে প্রায় ২৬ শতক দেবোত্তর সম্পত্তি ভরাট করে দেয়াল তোলা হচ্ছে। এসব কারণে সেচের জন্য তৈরি নালা বন্ধ হয়ে প্রায় ১০০ একর জমির বোরো চাষ ব্যাহত হচ্ছে।এ ছাড়া সিডিএর বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) ওই জমি কৃষিজমি হিসেবে সংরক্ষিত আছে। তাই সিডিএ এতে ছাড়পত্রও দেয়নি।