বস্ত্র ও পাট, শিল্প ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ৪৯ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকার আর্থিক অনিয়ম হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত মহাহিসাব নিরীক্ষকের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার সরকারি হিসাব কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ রসায়নশিল্প করপোরেশন (বিসিআইসি), বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাংলাদেশ পাটকল করপোরেশন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত সময়ের বিভিন্ন নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বিসিআইসির গুদামে ২ হাজার ৩৯০ মেট্রিক টন ইউরিয়া সারের ঘাটতির কারণে সরকারের ৫ কোটি ৯৭ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় টিএসপি কমপ্লেক্সের ভান্ডারে রক ফসফেটের মজুত কম পাওয়ায় ৩ কোটি ২০ লাখ ৭৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। জামালপুরের যমুনা সার কারখানায় আইন লঙ্ঘন করে শ্রমিকদের অতিরিক্ত ভাতা দেওয়ায় সরকারের ক্ষতি হয়েছে ২ কোটি ৯১ লাখ ৪৬ হাজার টাকা। সব মিলিয়ে নিরীক্ষা আপত্তির সঙ্গে বিসিআইসির জড়িত টাকার পরিমাণ ২৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা।
মেশিন টুলস ফ্যাক্টরি-বিএমটিএফ ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নগদ টাকায় মাল কেনায় ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এতে প্রতিষ্ঠানে ক্ষতির পরিমাণ ২ কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকা।
বাংলাদেশ পাটকল করপোরেশন চুক্তি অনুযায়ী পণ্য রপ্তানিতে ব্যর্থ হওয়ায় সরকারের ক্ষতি হয়েছে ১৫ কোটি টাকা। কিশোরগঞ্জের নিকলীর দামপাড়ায় ১০ দশমিক ৪৫ একর জমি অনিয়মিতভাবে বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করায় ক্ষতি হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার টাকা। নারায়ণগঞ্জে করপোরেশনের ভবন ও গোদনাইল প্রেস হাউস অনিয়মিতভাবে ভাড়া দেওয়ায় এবং ভাড়া অনাদািয় থাকায় ক্ষতি হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার। সব মিলিয়ে নিরীক্ষা আপত্তির সঙ্গে জড়িত টাকার পরিমাণ ২১ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটি নিরীক্ষা আপত্তি দ্রুত নিষ্পত্তি করে এর সঙ্গে জড়িত টাকা আদায়ের সুপারিশ করেছে।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য জিল্লুল হাকিম, আফছারুল আমীন, রেবেকা মমিন, শামসুল হক, মঈন উদ্দীন খান বাদল ও রুস্তম আলী ফরাজী অংশ নেন। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।