তিন মন্ত্রীকে কাজে গতি বাড়াতে বলেছেন নাসিম
সরকারের জনপ্রিয়তা হ্রাসের জন্য তিন মন্ত্রীকে দায়ী করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি সরকারের জনপ্রিয়তা পুনরুদ্ধারে মন্ত্রীদের কাজে গতি বাড়াতে বলেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। ‘গণতন্ত্র, জাতীয় উন্নয়ন ও স্থানীয় সরকার নিবার্চন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম বলেন, ‘বাণিজ্যমন্ত্রী আপনার কাজে গতি বাড়ান। জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কষ্ট পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের কাছ থেকে আমাদের কথা শুনতে হচ্ছে।’ তিনি খাদ্যমন্ত্রীকেও একই উপদেশ দিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও স্থানীয় পর্যায়ে মূল্য স্থির রাখতে হবে। মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় মন্ত্রী আপনার কীসের ভয়? বাংলার জনগণ আপনার সঙ্গে আছে। নিশ্চিন্ত মনে কাজ করুন।’ বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোজাফফর হোসেন পল্টু প্রমুখ বক্তব্য দেন।