তিন মাংস বিক্রেতাকে জরিমানা, ১১টি গরু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার তিন মাংস বিক্রেতাকে জরিমানা করেন। এ ছাড়া অ্যানথ্রাক্স প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে চিকিৎসকের ছাড়পত্র ছাড়া নিয়ে আসা ১১টি গরু রাজনগরে আটক করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, গতকাল মৌলভীবাজার শহরের কোর্ট রোড ও চৌমোহনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পশুচিকিৎসকের ছাড়পত্র ছাড়া গরু জবাই করায় তিন মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন। তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) মো. তওফিকুল ইসলাম। এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম তাঁর সঙ্গে ছিলেন।তওফিকুল ইসলাম বলেন, রোগাক্রান্ত গরু জবাই করা হচ্ছে কি না, তা দেখা হচ্ছে।এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধ কমিটি মৌলভীবাজারের সদস্যসচিব আবদুল আউয়াল ভূঞার নেতৃত্বে গতকাল রাজনগর উপজেলায় অ্যানথ্রাক্স প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ভ্যাকসিনের কাগজপত্র না দেখাতে পারায় জেলার বাইরে থেকে নিয়ে আসা ১১টি গরু উপজেলার পাঠানতোলা, দাসপাড়া ও বালিগাঁওয়ে আটক করা হয়েছে। এগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১৪ দিন পর্যবেক্ষণে রাখার পর গরুগুলো জবাইয়ের অনুমতি দেওয়া হবে।