কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমস্ত্রী সালাহ উদ্দিন আহমদকে প্রধান আসামি করে স্থানীয় বিএনপির আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে চকরিয়া থানায় গতকাল শনিবার পৃথক তিনটি মামলা হয়েছে। মামলায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রার্থী আজিজুল হক চৌধুরী, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র নুরুল ইসলাম হায়দারসহ ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল এলাকায় বিএনপি-সমর্থিত পদপ্রার্থীর পক্ষে সালাহ উদ্দিন আহমদ গণসংযোগ করতে গেলে সংঘর্ষ, গুলিবর্ষণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ওই ইউনিয়নের পদপ্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হন। আহত হন উভয় পক্ষে অন্তত ১৮ জন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ পৃথক তিনটি মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে বাধাসংক্রান্ত অপরাধে (দ্রুত বিচার আইনে) দুটি মামলা করেছে। অপর মামলাটি করেছেন গিয়াস উদ্দিন চৌধুরীর ছোট ভাই জসীম উদ্দিন চৌধুরী। আসামিদের ধরার চেষ্টা চলছে। পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত থাকার ঘটনায় হেফাজতুর রহমান, মোহাম্মদ জয়নাল, জিয়াউল কবির, ইমরুল হাসান হান্নান, রুবেল বড়ুয়া, মৌলভি রফিক আহমদ ও মোহাম্মদ শাহেদ নামের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বিএনপির কর্মী জানা গেছে।যোগাযোগ করা হলে সালাহ উদ্দিন আহমদ বলেন, তিনি এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবেন না। আজিজুল হক চৌধুরী জানান, তাঁর সপক্ষে গণসংযোগ চালাতে এসে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ হামলার শিকার হয়েছেন। এখন তিনিসহ বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীকে মামলার আসামি করে এলাকাছাড়া করার পাঁয়তারা চলছে। গুলিবিদ্ধ গিয়াস উদ্দিন চৌধুরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ভাই জসীম উদ্দিন চৌধুরী। ৮ জুন ফাঁসিয়াখালীসহ চকরিয়ার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।