
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাণ্ডবের জেরে কুষ্টিয়া ও ঝিনাইদহে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে উত্তর ও দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দুই জেলার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের সঙ্গে গতকাল সোমবার থেকে একাত্মতা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গার পরিবহন মালিক-শ্রমিকেরাও।
গত রোববার বাসচাপায় তৌহিদুর রহমান নামের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ৩৫টি বাস পুড়িয়ে দেওয়াসহ সহিংসতার অন্যান্য ঘটনায় প্রায় চার হাজার শিক্ষার্থীকে আসামি করে তিন মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় কাউকেই আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ।
ধর্মঘটের প্রথম দিন গতকাল কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল ছিল বন্ধ। দুই মহাসড়ক দিয়ে প্রতিদিন মংলা সমুদ্রবন্দর ও বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী গাড়ি ছাড়াও উত্তর ও দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর প্রায় ১২ হাজার যানবাহন চলাচল করে। ধর্মঘটের কারণে কাঁচামালবাহী ট্রাকগুলো আটকা পড়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দুর্ভোগ থেকে বাদ পড়েননি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
গতকাল সকাল ছয়টা থেকে শুরু হয় অনির্দিষ্টকালের ওই ধর্মঘট। এদিন ওই তিন জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার পথে কোনো গাড়ি চলাচল করেনি। সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস, মজমপুর ও ত্রিমোহনী মোড়ে গিয়ে দেখা যায়, পরিবহনশ্রমিকেরা মহাসড়কের ওপর লাঠিমিছিল করছেন। উত্তর ও দক্ষিণের জেলাগুলোর যানবাহন চলাচলের অন্যতম কেন্দ্র মজমপুরে সড়কের ওপর রেলগেটের বার ফেলে তৈরি করা হয়েছে অবরোধ। মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন।
চুয়াডাঙ্গার বাসযাত্রীরা বিকল্প পথে ট্রেনে বাইরের জেলাগুলোতে যাতায়াতের চেষ্টা চালান। জেলার ব্যবসায়ী হাবিবুর রহমান সবজি নিয়ে ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করেন। তিনি বলেন, ধর্মঘটের কারণে খেতের সবজি তোলার পর খেতেই পড়ে থাকছে। ধর্মঘট দ্রুত প্রত্যাহার না হলে মহাসংকটে পড়তে হবে।
ধর্মঘটে বিড়ম্বনার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করা ছাত্রছাত্রীরাও। গাড়ি না চলায় দূরদূরান্তের শিক্ষার্থীদের অনেকে গতকালও হল ছাড়তে পারেননি। অবশ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘পরিবহন ধর্মঘট চলা পর্যন্ত শিক্ষার্থীরা হলে থাকতে পারবে। ধর্মঘট প্রত্যাহার করামাত্র তাদের হল ছাড়তে হবে।’
তিন মামলা দায়ের: গাড়ি ভাঙচুর আর তাতে আগুন দেওয়াসহ বিভিন্ন ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক তিন মামলা করেছে। এতে প্রায় চার হাজার শিক্ষার্থীকে অজ্ঞাতনামা আসামি করা হয়। বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন রোববার রাতে একটি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মসলেম উদ্দিন গতকাল বিকেল দুটি মামলা করেন।
তবে বাসচাপা দিয়ে ছাত্রকে মেরে ফেলার ঘটনায় দোষী চালকের বিরুদ্ধে কোনো মামলা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশ কেউই।
রেজিস্ট্রার বলেন, ‘প্রশাসন ভবন ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা এক হাজার শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও আগুন লাগানোর অভিযোগে পুলিশ একটি মামলা করেছে। এ মামলায় দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়।
ছিনতাই ও মারধরের অভিযোগ: হল ছাড়তে গিয়ে ক্যাম্পাসের বাইরে সড়কের বিভিন্ন স্থানে মারধর করে টাকা, মুঠোফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন কিছু শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, রোববার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত কয়েক দফায় কুষ্টিয়ার পরিবহনশ্রমিকেরা শহরে বিভিন্ন ছাত্রাবাসে গিয়ে ভাঙচুরও চালান। এ সময় শিক্ষার্থীদের মারধর করেন তাঁরা। বিভিন্ন রাস্তায়ও মারধর করা হয়েছে।
বিভিন্ন ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। বঙ্গবন্ধু হলের এক ছাত্র বলেন, ‘একদিকে হল ত্যাগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময়সীমা বেঁধে দেওয়া, অন্যদিকে পরিবহন ধর্মঘট। এ অবস্থায় আমরা না পারছি হল ছাড়তে, না পারছি বাড়ি যেতে।’
পরিবহন মালিকদের দাবি: বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রায় সাড়ে চার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পরিবহন মালিকেরা। ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও গতকাল এক জরুরি বৈঠক করে তাঁরা জানান। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শোকে স্তব্ধ বেলেঘাট: চার মেয়ের পর ছেলে তৌহিদুর টিটোর জন্ম হওয়ায় তাঁকে নিয়ে আনন্দের শেষ ছিল না ঝিনাইদহের মহেশপুরের বেলেঘাট গ্রামের মন্ডলবাড়িতে। দাদি সাকিরা খাতুন খুশি হয়ে পাঁচ বিঘা জমি লিখে দিয়েছিলেন শিশু তৌহিদুরের নামে। বাবা আবদুল আজিজ ছেলের জন্য জমি কিনে বাগান করেছিলেন। সেই ছেলেই সবাইকে কান্নায় ভাসিয়ে চলে গেছে না-ফেরার দেশে।
রোববার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র টিটো বাসচাপায় নিহত হওয়ার পর তাঁর পরিবার তো বটেই পুরো গ্রামবাসী এখন শোকে স্তব্ধ। ওই দিন রাতেই তাঁর দাফন মহেশপুরের বেলেঘাট গ্রামে সম্পন্ন হয়।
গতকাল সকালে টিটোর বাড়িতে গিয়ে দেখা যায়, চারদিকে শুধুই কান্নার রোল। উঠানে বাকরুদ্ধ হয়ে বসে আছেন টিটোর বাবা। তাঁকে ঘিরে রেখেছেন আত্মীয়স্বজন। পাশেই বারবার অচেতন হয়ে পড়ছিলেন মেঝো বোন আফরোজা। আর ঘরের বারান্দায় অচেতন হয়ে পড়ে আছেন মা তাহমিনা খাতুন।
জানা গেল, শনিবার সকালে ঝিনাইদহ শহরের আরাবপুরের ছাত্রাবাসে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাবা আবদুল আজিজ। টিটো তখন ক্যাম্পাসে ছিলেন, তাই দেখা হয়নি। পরে ফিরে আসেন বাড়িতে। পরের দিন দুপুরে খবর পান ছেলে আর বেঁচে নেই।
সর্বশেষ: গতকাল সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পরিবহন সমিতির নেতারা এক বৈঠকে বসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের উপাচার্যের সভাকক্ষে বৈঠকটি রাত সাড়ে নয়টায় প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি}