রাজবাড়ী ও নারায়ণগঞ্জে বিরোধী জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে অন্তত সাত শ ব্যক্তিকে। আসামিদের প্রায় সবাই বিএনপি ও জামায়াতে ইসলামীর। এ দুটি জেলা ছাড়াও ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে গত ২৪ ঘণ্টায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ীতে সোমবার পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। থানার এসআই গাজী মাহবুবুর রহমান বাদী হয়ে ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও সাড়ে পাঁচ শ নেতা-কর্মীর নামে একটি মামলা করেন। অন্যদিকে প্রশিক্ষণরত উপপরিদর্শক (পিএসআই) তারিকুজ্জামান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৭৫ জনের বিরুদ্ধে করেন দ্বিতীয় মামলাটি। এই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইন্টারনেটে সরকারবিরোধী তথ্য উল্লেখ করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইমাম হোসেন নামের শিবিরের এক কর্মীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। গতকাল সকালে ফতুল্লা মডেল থানার এসআই ওয়াহিদুজ্জামান মামলাটি দায়ের করেন। রোববার রাতে ফতুল্লার শান্তিধারা এলাকা থেকে জিহাদি বই, একটি ল্যাপটপসহ ইমাম হোসেনকে আটক করা হয়।
এদিকে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের ত্রিশালে জামায়াতের নেতা মোখলেছুর রহমানসহ তিনজনকে আটক হয়েছেন। অন্য দুজন হলেন বইলর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুছ ছালাম ও যুবদলের কর্মী শাহজাহান। নেত্রকোনার পূর্বধলায় সোমবার রাতে আটক হয়েছেন বিএনপির দুই কর্মী।