তিন মামলায় জামিন পেলেন সাংসদ রনি
সাংবাদিক পেটানোর ঘটনায় করা এক মামলাসহ তিন মামলায় জামিন পেলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সরকারি দলের সাংসদ গোলাম মাওলা রনি।
গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রনির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আদালতে রনির পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার, তবারক হোসেন ও রুহুল কুদ্দুস মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
গত ২০ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে বেধড়ক পেটানোর অভিযোগে মামলা হয় সাংসদ গোলাম মাওলার বিরুদ্ধে। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ২৪ জুলাই আদালত জামিন বাতিল করে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ১১ আগস্ট প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে গলাচিপা থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা হয়।
শুনানি নিয়ে আদালত কেন রনিকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয় বলে জানান আইনজীবীরা।