তিন মামলায় মির্জা আব্বাসের জামিনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আব্বাস
মির্জা আব্বাস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে তিন মামলায় আগাম জামিন আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে। নিরাপত্তাজনিত কারণে আদালতে উপস্থিত হতে না পারায় আজ সোমবার তাঁর জামিন আবেদনের শুনানি মুলতবি করেন আদালত। মির্জা আব্বাসের আইনজীবী জামিনের শুনানি মুলতবি করার জন্য আবেদন জানান।
গাড়ি পোড়ানোর দুই মামলায় আগাম জামিনের জন্য মির্জা আব্বাসের দুই আবেদনের শুনানি আজ বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চে ওঠার কথা ছিল। গত ১৫ এপ্রিল ওই দুই আবেদনে জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল আবেদন দুটি নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ নির্ধারণ করে দেন। আজ ওই বেঞ্চে মির্জা আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জামিন আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতবি করার জন্য আবেদন জানান। পরে আদালত শুনানি এক সপ্তাহ মুলতবি করেন। এ সময় খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে ছিলেন আইনজীবী এহসানুর রহমান।
এহসানুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে মির্জা আব্বাস আদালতে উপস্থিত হতে না পারায় তাঁর জামিন আবেদনের শুনানি মুলতবির আবেদন জানানো হয়েছে। আদালত তা গ্রহণ করেছেন। এ দিকে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে. বি. এম. হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মির্জা আব্বাসের আগাম জামিন শুনানি হওয়ার কথা ছিল। সেখানেও একই কারণে মুলতবির আবেদন জানালে আদালত শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন।