তিন মামলার তদন্তে কাদেরের সম্পৃক্ততার প্রমাণ মিলছে না
কাদেরের বিরুদ্ধে করা তিন মামলার কোনোটিতেই তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাচ্ছে না ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গত ১৬ জুলাই খিলগাঁও থানায় কাদেরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করে পুলিশ। এ ছাড়া গত ১৪ জুলাই মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি গাড়ি ছিনতাইয়ের মামলায়ও কাদেরকে গ্রেপ্তার দেখানো হয় ১৯ জুলাই। তিনটি মামলা এখন তদন্ত করছে ডিবি। তদন্তের বিষয়ে ওয়াকিবহাল একজন কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তদন্তে গতকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কোনো মামলাতেই কাদেরের সম্পৃক্ততা পাওয়া যায়নি।তদন্তে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, গত ১৫ জুলাই গভীর রাতে খিলগাঁও থানার এসআই আলম বাদশার নেতৃত্বে টহল পুুলিশ খিলগাঁও এলাকা থেকে একটি প্রাইভেট কার ধাওয়া করে। কাকরাইল মোড়ে ওই প্রাইভেট কার থেকে এক যুবক পুলিশের ওপর ককটেল ছুড়ে সেগুনবাগিচার দিকে দৌড় দেয়। পুলিশ সেগুনবাগিচার দুদকের কার্যালয়ের সামনে থেকে প্রাইভেট কারসহ মাছ বিক্রেতা মামুনকে আটক করে। পরে পুলিশ দুদকের ফটকের সামনে থেকে ডাকাত সন্দেহে পথচারী কাদেরকে আটক করে। পুলিশ মামুনের কাছে কাদের সম্পর্কে জানতে চায়। মামুন প্রথমে পুলিশকে বলেছিলেন, তিনি কাদেরকে চেনেন না। পরে পুলিশের মার খেয়ে মামুন বলতে বাধ্য হন, কাদের তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন।ডিবির সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা বলেন, মামুনকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার আবার দুই দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এর আগে রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামুন তদন্তকারীদের বলেছেন, সেদিন পুলিশকে ককটেল ছুড়ে পালিয়েছে যে যুবক, তাঁর নাম সবুজ। পুলিশ সবুজ সন্দেহে কাদেরকে আটক করে। তবে মামুনের বর্ণনা অনুযায়ী, সবুজের সঙ্গে কাদেরের চেহারায় মিল নেই। ডিবি এখন সবুজসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।