রেলওয়েতে নিয়োগে দুর্নীতির তিন মামলার বিচার চলবে একই ধার্য দিনে। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এই আদেশ দেন।
মামলা তিনটি হলো রেলে নিয়োগে টিকিট ইস্যুকার, টুলকিপার ও সহকারী লোকো মাস্টার।
দুদকের আইনজীবী মাহমুদুল প্রথম আলোকে জানান, চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে রেলে নিয়োগে দুর্নীতির পাঁচটি মামলার বিচার চলছে। এসব মামলায় আসামি রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা (বর্তমানে বরখাস্ত), রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান যন্ত্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী, সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ কয়েকজন। আসামি কিবরিয়ার পক্ষে একই ধার্য দিনে পাঁচটি মামলার শুনানি করতে সপ্তাহ খানেক আগে আবেদন করা হয় বিশেষ জজ আদালতে। আদালত তা নামঞ্জুর করলে আসামিপক্ষ উচ্চ আদালতে যান। উচ্চ আদালত পাঁচটি মামলার মধ্যে তিনটি মামলার বিচার একসঙ্গে করতে আদেশ দেন।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুদক ঢাকার সহকারী পরিচালক এস এম রাশিদুর রেজা বাদী হয়ে সহকারী লোকো মাস্টার, টুলকিপার ও টিকিট ইস্যুকার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে নগরের কোতোয়ালি থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছিলেন। গত বছরের ২ অক্টোবর মামলাগুলোর অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। গত ১৭ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গতকাল এর মধ্যে টিকিট ইস্যুকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২ সেপ্টেম্বর থেকে মামলাটিসহ তিন মামলার একসঙ্গে বিচার চলবে।