তিন মামলায় আগাম জামিনের আবেদন মির্জা আব্বাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানো ও অগ্নিসংযোগের একটি মামলাসহ তিনটি মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার মির্জা আব্বাসের আইনজীবীরা এ আবেদন তিনটি জমা দেন।
এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, আজ সোমবার এ আবেদন তিনটির শুনানি হতে
পারে। পল্টন, মতিঝিল ও শাহবাগ থানায় করা পৃথক তিনটি মামলায় এসব জামিনের আবেদন করা হয়েছে।
যে তিনটি মামলায় মির্জা আব্বাস জামিন চেয়েছেন, তার মধ্যে দুটি করা হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানায়। গত বছরের ২৮ ডিসেম্বর হরতালের আগের রাতে পুরানা পল্টনে একটি গাড়িতে হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ওই মামলাটি করে। আর ৪ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সমাবেশ করতে চাইলে পুলিশ ও সরকার সমর্থকেরা বাধা দেয়। ওই সময়ের সংঘাতের ঘটনায় মতিঝিল থানায় আরেকটি মামলা হয়।