তিন মামলায় জামিন পেলেন ফখরুল
পৃথক তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ সোমবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হয়। বেলা তিনটার দিকে আদালত আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
গত বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়রানি বা গ্রেপ্তার না করতে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। গতকাল রোববার তিন মামলায় মির্জা ফখরুলের আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়। আজ তাঁর উপস্থিতিতে শুনানি হয়।
গাড়ি পোড়ানোর পৃথক ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে গত বছরের ২৮ নভেম্বর শাহবাগ থানায় এবং ১ ও ২৫ ডিসেম্বর রমনা থানায় মামলা হয়। এসব মামলায় ১৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ২৭ জানুয়ারি আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।