রামগড়ে ৬৯ জনকে বিদ্রোহীর অবয়বে হাজিরের নির্দেশ, ফুলবাড়ীতে বিচার শুরু
তিন মামলায় ১২১ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ধার্য
খুলনা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিডিআরে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের তিনটি মামলায় ১২১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ আগামী ৫ ডিসেম্বর, আগামী বছরের ২২ ফেব্রুয়ারি ও ৫ মার্চ ধার্য করা হয়েছে। এদিকে খাগড়াছড়ির রামগড় ১১ রাইফেল ব্যাটালিয়নের মামলায় ৬৯ আসামিকে আগামী ৭ ফেব্রুয়ারি বিদ্রোহীর অবয়বে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচারকাজ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।খুলনা, বান্দরবানে অভিযোগ গঠনের তারিখ ধার্য: খুলনা ২৩ রাইফেল ব্যাটালিয়নের মামলায় এই ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালত-১২-এর দ্বিতীয় দিনের কার্যক্রম গতকাল সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হয়। আদালতের সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান। আদালত আগামী বছরের (২০১১) ২২ ফেব্রুয়ারি অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য করেন। মামলার ৫৯ জন আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন।বেলা ১১টা ৩৮ মিনিটে খুলনা সেক্টর সদর দপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানির বিদ্রোহের মামলার বিচার শুরু হয়। কৌঁসুলি মেজর মো. এলাহী বক্স বিভিন্ন অভিযোগ এনে আসামিদের বিচারের দাবি জানান। আদালত আগামী ৫ মার্চ অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য করেন। এ সময় মামলার ২৭ জন আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাইতুল ইজ্জতে অবস্থিত রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএস) গঠিত বিশেষ আদালত-১৬-এ গতকাল সকালে নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জন আসামিকে প্রথমবারের মতো হাজির করা হয়। সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। চার সদস্যের বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের সময় ও সহায়তাকারী (ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড) বা বেসামরিক আইনজীবী নিয়োগের সুযোগ দিয়ে অভিযোগ গঠনের তারিখ ৫ ডিসেম্বর ধার্য করেন। অভিযোগের অনুলিপি আসামিদের সরবরাহের জন্য কৌঁসুলিকে নির্দেশ দেওয়া হয়। বিদ্রোহীর অবয়বে হাজিরের নির্দেশ: খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে গতকাল সকাল ১০টায় রামগড় ১১ রাইফেল ব্যাটালিয়নের ৬৯ জন সদস্যকে হাজির করা হয়। বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান। আদালত বলেন, আসামিরা ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের সময় যে অবয়বে ছিলেন সেই অবয়বে পরবর্তী শুনানিতে তাঁদের আদালতে হাজির করতে হবে। ৭ ফেব্রুয়ারি আদালত পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। ফুলবাড়ীতে বিদ্রোহের বিচার শুরু: গতকাল সকাল ১০টায় ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়ন মাঠে বিশেষ আদালত-১৩-এর কার্যক্রম শুরু হয়। ওই ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ২৩ জন জওয়ানকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন ঘটনার পর পুলিশের করা মামলায় গ্রেপ্তার হয়ে দিনাজপুর জেলা কারাগারে বন্দী রয়েছেন। বিশেষ আদালতের নির্দেশে আরও ১০ জনকে গতকাল গ্রেপ্তার করা হয়। তিন সদস্যবিশিষ্ট বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহমদ। ২৩ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদী ৪০ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার সহকারী আসাদুজ্জামান।আদালতের কার্যক্রম ২৭ অক্টোবর (আজ বুধবার) সকাল ১০টায় পুনরায় শুরু হবে। আজ সকাল নয়টায় সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। [প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে দিনাজপুর ও খুলনা অফিস এবং বান্দরবান, খাগড়াছড়ি ও ফুলবাড়ী প্রতিনিধি]